১৫ নভেম্বর ২০২০

অন্তরা দাঁ


আহত ভাস্কর্য 


যদি প্রেম মরে যায় 

নুন-তেল জারিত যাপনে 

ইলেক্ট্রিক বিল আর রেশনের লাইনে 

দু'হাতে ঠেলে সরিয়ে রাখছি প্রাণপণ 


ব্যথা নিরাময়ে আই-ব্রুফেনে'র সন্নিবেশ 

নিভু নিভু আঁচে সেঁকে নিই 

ইচ্ছে'র বাসি রুটি 

ছন্নছাড়া  সংসারে খেলনাবাটি'র আবেশ 


এ'সব নেহাত'ই মনভুলোনো গল্পগাছায় 

নিরাপত্তা ঝেড়েছে লাথি জোর 

সিউডো-বোহেমিয়ানিজমের পাছায় 


জীবন দূর অস্ত 

মৃত শরীরের অধিকারটুকুও 

স্ত্রী'র একচেটিয়া 


প্রেমিকা'র ব্রা-হীন বুকে 

বয়ে বেড়ানো সন্তাপ 

আর মিছিমিছি কথা দেওয়া 

গোপন সে প্রেমিক আজ নিরুদ্দেশ। 

রাজেশ চন্দ্র দেবনাথ



তাপ



পাতা ফুঁড়ে বেরিয়ে আসে

গতজ্যোৎস্নার ফেরারি 

জৌলুশ। 


আবেগের কৌটায় ভুল নামতায়

কেটে যায় রাতের তাপ...

অলোক দাস এর মুক্ত কথা



স্বপ্নসিঁড়ি

  আকাশ একই জায়গায় চিরস্তির চিরদিন,

 শব্দচয়ন সারা আকাশ জুড়ে, 

সিঁড়ি দিয়ে ওঠাই ভালো, 

তাতে পড়ার ভয় থাকে না, 

ওটাই হোক স্বপ্ন, 

কে যেন বলে কবিতা লিখুন, 

কবিতা, এতে প্রাণ আছে, 

আছে আনন্দ, লিফ্ট এ নাই বা উঠলেন,

 ধীরে ধীরে ধীরে, দেখবেন 

দেওয়ালির শুভেচ্ছা আসছে সুখতারা থেকে মুক্তির আনন্দে ভেসে যান, কেউ দেবে না বাধা, 

পূর্ণিমা ভট্টাচার্য (টুকুন)



দীপান্বিতা

ব্যলকনি গুলো রঙিন হয়েছে

এক থেকে বহু তলে,

শ্যাওলা ধরা ছাদের কার্নিশ

আজ আলো ঝলমলে।


ইতিহাস ও যে কথা বলে ওঠে

প্রাসাদ কেল্লার সাথে,

প্রাচীন মন্দির নজর কাড়ে

ক্লাবের পাশের মাঠে।


চেনা রাস্তা, গলি গুলো সব

অচেনা অজানা লাগে,

নিজের পাড়া মনে হয় যেন

আসিনি কখনো আগে।


হিন্দি বাংলা গানের সাথে

বাজছে ঢাক ও কাসর,

রঙিন জলের ফোয়ারা তুলে

জমছে রাতের আসর ।

সঞ্জয় আচার্য

চকজন্ম


বোটানি ক্লাস আমার বড় ভালো লাগে, ম্যাম


বুকের ওপর আছড়ে  পড়ে নদী

আলগা হয়ে যায় বাঁধ

জলকল্লোলে ভেসে যায় ঠিকানা

একটা প্রলয়োল্লাস পেরিয়ে যেন আরও একটা।


কাঁচা হলুদ রঙা তর্জনী মধ্যমা আর

বৃদ্ধাঙ্গুলের মাঝে একখন্ড সাদা চক 

আর আপনি লিখে চলেছেন মেদুর বাতাস।


আচ্ছা, আপনি কি বোঝেন না

বহমান স্রোতের ওপরে তখন আমি কেবলই

আমি কেবলই হালকা হয়ে যাচ্ছি আকাঙ্ক্ষায়?


যদি ডাস্টার পায়, চক পায় 

সদ্য পাশ করা মধ্যমা আর তর্জনীময় একখন্ড আয়ু

তবে দ্বিতীয় বর্ষের এই ছাত্রও কেন বদলে নেবে না শরীর

ক্ষয়ে ক্ষয়ে মিশে যাবে না আঙুলে আঙুলে?


বোটানি ক্লাস আমার বড় ভালো লাগে,ম্যাম.....

সুদীপ্ত বিশ্বাস



মিঠির চিঠি 


ছোট্ট মেয়ে মিঠি

এই তো সেদিন মেঘের ডানায় লিখল সে এক চিঠি-

'বড্ড একা আমি!

তোমরা কি কেউ বন্ধু হবে, দেবে আমায় হামি?'

একলা ছিল গাছ

মিঠির চিঠি পেয়েই সে তো করল শুরু নাচ।

ছোট্ট নদীর ধারে

মাছেরা সব মিঠির চিঠি পড়ল চুপিসারে

উঠলো নেচে খুব

বন্ধু হয়ে স্রোতের টানে আবার দিল ডুব।

চলল চিঠি ভেসে

গাছ-পাখিরা বন্ধু পাতায় মিঠির কাছে এসে।

পাহাড় ছিল একা

মিঠির চিঠি পেয়েই পাহাড় করতে চাইল দেখা।

চলল চিঠি চাঁদে

চাঁদের সবাই চিঠি পেয়ে আটখানা আহ্লাদে!

বলল সবাই, 'মিঠি!

আমরা তোমার বন্ধু হব,আজ পেয়েছি চিঠি।'

১৪ নভেম্বর ২০২০

তৈমুর খান এর দুটি কবিতা



কীর্তন


ঘরে ঘরে বৃষ্টি নামবে 

আজ কীর্তনের আসর বসেছে

মেঘ ছেয়ে গেছে সারা পাড়া 

তুমি পড়শির মেয়ে

আমি মাখন চোরা


পাঞ্জাবিতে ফুল ফুটেছে 

ততোধিক সুগন্ধ আনকোরা

সারারাত ঝরবে আলো 

জ্বলবে বিষহরি


তুমি বলবে জয়দেব

আমি বলব পদ্ম

প্রেমে দামোদর ভাসবে

জগৎ হবে অন্ধ।



 নৌকা নদী গান


তোমার দেহ হিল্লোলিত নদী 

চোখদুটি নৌকা-ভ্রমর

আমার এখন তাই 

স্বচ্ছ নাবিক হতে দেরি


চোখে ভাসে নৌকাডুবি 

কান শোনে ঢেউয়ের গর্জন

তবু শান্তি পারাপার ছবি

জলজ মায়ার শীতল সোহাগ


ঠান্ডা আলো বিস্ময়ের গান

তীব্র শরীরী নিমন্ত্রণ

গতির ভাষাও শিখে নিই 

সংকেত বাজাতে থাকে 

               নিষিদ্ধ স্বরলিপি।

ফাহমিদা ইয়াসমি

কবির নদীতে জমা শখ


সোনা রোদে এঁকে যাই তোমার ছবি

তুমি ব্যস্ত নগরীর ভ্রান্ত পথে ছোটা কবি

দেখে যাই তোমার নাগরিক জীবন, ধূলোমাখা সময়

কখনো কাব্যের শরীর খুঁজে দেখেছো কি কয়?


আমি জানি তোমার বাঁকে বাঁকে শব্দ জয়ের জিদ

রাতকে নদী করো দিনকে ছুটি দেওয়া হারানো নিদ

নিদ্রা হারানো তুমি রঙিলা পাখির পাখা ঝরা দুপুর

চলো ছবি নয় কবি হই কবিতার শব্দে গাথা নুপুর।


ভুলগুলো তুলো হয় ঝরে যাউক শিশির হয়ে

আমাদের সুখগুলো দুঃখকে ছুটি দেওয়া দ্বন্দ ক্ষয়ে।



                                        ( যুক্তরাজ্য ) 

শ‍্যামল রায়



নীল খামে চিঠি


নীল খামে চিঠি, নীল আকাশে

তুমি বৃষ্টি , উত্তরের জানালায় বাতাস।

 তুমি  বৃষ্টি হয়ো, বৃষ্টি পাবো

 তৃষ্ণার্ত মনে-- সোহাগ দিয়ে

নতুন প্রাণে ভালোবেসো।

সজীব হয়ে উঠবো তোমায় পেয়ে

নতুন পৃথিবী তো -------

নীল খামে পাঠানো একটি চিঠি আকাশে।

বুকের উপর বৃষ্টির ফোটায়

সোহাগ ভরা অক্ষরে অক্ষর

আমাকে ছুঁয়ে দেখো আলিঙ্গনে

তুমিতো বৃষ্টি ফোটা-----।

রং তুলির টানে প্রতিটি সাদা পাতায়

অক্ষরে ভালোবাসার গন্ধ হয়ে থেকো

নীল খামে চিঠি পাঠালাম,

নীল আকাশে ,আঁকড়ে ধরো

আঁচলে জড়িয়ে চিরদিনের মতো।

সজীব হয়ে উঠবো, তোমায় পেয়ে

তুমি তো এক নতুন পৃথিবী হবে

 শুধুই আমার কাছে--------।

রণজিৎ সরকারের আঞ্চলিক লিমেরিক



অসুরোছায়া


বছর বছর কী কামে আস তুমি মা গো

দশ হাত তুইলা আশিষ বিলাও  কাগো

অসুরেরা চারিদিকে হামলায়

দাপাদাপি অগো কেডা সামলায়

বাঁচতে যদি চাও তয় ইহান থিকা ভাগো

জারা সোমা

অখন্ড


প্রিয় হেমন্ত, চুপিচুপি এসে কতোই না কথা বলো 

নতুন করে জানতে চাও কুশল সংবাদ 


প্রতিরাতে বিছানার পাশে সাজিয়ে রাখো কামিনী

নিজের প্রতি যত্ন নিইনা বলে অভিযোগ করো

শীতল বাতাসে ভেসে বাড়িয়ে দাও ক্ষুধা 

নিঃস্ব রিক্ত করে প্রমাণ করো ভালোবাসা 

তবুও পারিনা তোমাকে ছুঁতে 


প্রতিবার মনে হয় সংসার করব তোমার সাথে

তোমাকে দেব নবান্ন-ঘ্রাণ

চাষিবউয়ের মতো মেখে দেব একথালা পান্তা 

খেলব রোদ-ছায়ার বাঘবন্দিখেলা 


তবুও শেষ পর্যন্ত পারিনা কিছুই 


আমার অশ্রুসিক্ত কলমে লেখা হয় ধর্মগ্রন্থ 

বিষাক্ত কীট প্রতিবার খুঁচিয়ে তোলে বিভেদ 

দাঙ্গার ছক কষে মন্দির-মসজিদে 


প্রিয় ঋতু প্রতিদিন ভাঙে আমার স্বপ্ন 

প্রিয় হেমন্ত আমাকে দাও অখন্ড নিজস্বতা।।।

সাইফুল আলিম এর গল্প



আসামীর জবানবন্দি


বিজ্ঞ আদালতে একজন মেয়ে তার স্বামীর বিরুদ্ধে সি আর মামলা দায়ের করা হয়েছে অভিযোগটি ছিল ৫০০০০০ (পাঁচ লক্ষ টাকা) যৌতুক দাবি করে মারধর করে। অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় এবং পরবর্তীতে ধার্য তারিখে আদালতে আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণ করার জন্য এ্যডভোকেট সাহেব এর মাধ্যমে আদালতে হাজির হয়। বিজ্ঞ কৌশলির শুনানীন্তে বিচারক সাহেব আসামীকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যে,

তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দাও তাহলে তোমাকে পুরষ্কার দেওয়া হবে ।


সত্যি বলছেন সার!


জি আজ্ঞে সত্যি বলছি 


নাম কি তোমার ?

হেসে হেসে বল্লো - প্রান্ত 

কি করো তুমি ?

ব্যবসা। 

তোমাদের বিয়ে হয়েছিল কতো দিন হলো?


এক বছর তিন দিন।


নাম কি তোমার স্ত্রীর?

নদী। সার্টিফিকেটে - তামান্না আক্তার নদী 


কাবিন হয়েছে কতো টাকা?

৫ লাখ টাকা।


ডিভোর্স দিয়েছো বিয়ের কতো মাস পর?


তিন মাস পর। 


ভরনপুষন এর খরচ দিয়েছো ?


না সার ।


মেয়ের কাবিনের টাকা কখন দিয়েছো?


দেই নাই। 


মেয়েকে নিয়ে সংসার করবে না কেন?


মেয়ে ভালো না,

কি খারাপ মেয়ে তোমাকে পাগলের মতো ভালবাসে?


না সার,স্বাভাবিক ভাবে ভালোবাসতো। তবে অন্য ছেলের সাথে হষ্টিনষ্টি করতো ।


মেয়ের বাবা কি করে?


রিক্সা চালক।


প্রেমের বিয়ে না ম্যারেজ ?


হেসে হেসে বল্লো - লাভ ম্যারেজ।


তাহলে কি তিন মাসে ভালবাসা ফুরিয়ে গেছে? তিন মাসে  তো বিয়ে করা বৌ এর ঘ্রান ই  যায় না।


একটি মুশকি হাসি দিয়ে......


সার মেয়ে সুন্দর চেহারা দেখিয়ে আরো কয়েকটা ছেলের সাথে রিলেশন করেছে ।


তুমি দেখেছো 


না সার শুনেছি।


কোথায় থেকে শুনেছো? কে বলেছে তোমাকে?


অনিকা।


কে সে?

বোন সার, অনিকা আমার ছোট। সে আই এ থার্ড ইয়ারে আছে সার।

খুব আদরের দুলালি সার।

মাঝে মাঝে অন্য বোনের সাথে ঝগড়া করে।

কিন্তু আমাকে খুব ভালোভাসে।


তুমি কয়টি মেয়ের সাথে প্রেম করো।


সাতটি । 


কয় নাম্বার প্রেম তোমার?


আট নাম্বার। সার বিথিলা ও ব্রেকি এই মাল দুটি অনেক কিউট সার। শাপলা সার আরো সুন্দরী সার। না দেখলে বিশ্বাস ই করতে পারবেন না সার।


কতোটা wetting?


ছয়টি। 


কিভাবে তাদের সাথে প্রেম হয়েছে?


সব সার ফেইসবুক কালেকশন। ফেইসবুক পছন্দ মেসেন্জারে প্রেমালাপ। তার পর সার আরো কতো কি........... 


টাকার জন্য কে গিয়েছিল তোমার বাবা মা না তুমি?

আমি যাইনি সার,  আমার মা পাঠিয়েছে।


তোমার ব্যবসার প্রয়োজনে কতো টাকা চেয়েছিলে তাহার কাছে?

মাত্র দুই লাখ টাকা দেওয়ার কথা বলেছিলো মা ।

কি বলেছে? দেওয়ার কথা বলেছে কি?


না সার,

মা, বাবা তো রিস্কা চালিয়ে আমাদেরকে অন্ন বস্ত্র দিতে কষ্ট হয়ে যেতো কিন্তু আমাদের পড়া লেখার খরচ দিতে পারতো না। আমি টিউশনি করে ভাই বোনের পড়া লেখার খরচ চালাতাম। কোথায় পাবো এতো টাকা?

দেশে যায়গা জমি বিক্রি করে আমার ছেলের ব্যবসার জন্য টাকা নিয়ে আসো যাও। আমার ছেলের জন্য কোটি পতি মেয়ের বাবা লাইন ধরে দাঁড়িয়ে আছে ।

বুঝতে পেরেছো? 


উকিল সাহেব কিছু বলার জন্য দাড়িয়ে গেলে.......


অর্ডার অর্ডার অর্ডার কেহ আদালতে হৈ চৈ করে পরিবেশ নষ্ট করবেন না।

বিজ্ঞ লার্নেড অনুগ্রহ করে বসে পড়ুন। জবানবন্দি রেকর্ড করে নেই তার পর আপনি যা যা বলার বলবেন।


আপনারা কয় ভাই কয় বোন?

তিন ভাই ৫ বোন।

পড়া লেখা কতোটুকু করেছো ?


আন্ডার মেট্রিক।


স্ত্রী কি পাশ করেছে?

এই ধরেন বিয়া পাশ।


মানে?


বাদী পক্ষে বিজ্ঞ আইনজীবী দাড়িয়ে

অবজেকশন ইউর অনার ।

আমার মোয়াক্কেলকে ইনসাল্ট করা হচ্ছে।

আমার মোয়াক্কেল বি. এ পাশ করেছে সার।


আদালতে সবাই হাসা হাসি করতে লাগলো....


অর্ডার অর্ডার অর্ডার।


ডিভোর্স লেটার কে পাঠিয়েছে?


উকিল সাহেব।


ডিভোর্স দেওয়ার কথা কে বলেছে তোমাকে?


মা আর অনিকা।


বর্তমানে কি বিয়ে করেছো?

না সার, তবে ফাইনাল কথা বার্তা চলছে আগামী সপ্তাহে বিয়ে করাবে বলেছে অনিকা,অনিকা ও মা মেয়ে অনেক সুন্দরী আবার দশ লাখ টাকাও দিবে বলছে।

সেই টাকা দিয়ে সার এবার আমরা মাছের আড়ৎ এ বড় দোকান পজিশনে লইতে পারবো।


কিসের টাকা?


এখনকার যুগে ছেলেকে কিছু দিতে হয় না সার। ঐটাই

অনেকেই বলে এটা নাকি যৌতুক।

আমাকেও ব্যবসা করার জন্য পাচঁ লাখ দেবে আপাতত ...

আসামী পক্ষের আইনজীবী খুব ফেডাপ হয়ে আছে আসামীর প্রতি।


কোর্টের পিউন - আদালত নামছে

আসামী চিৎকার করে বলতে থাকে

সার আমার পুরুষ্কাকার।


ম্যাজিস্ট্রেট সাহেব মুচকি হাসি হেসে বললেন

তুমি জেলখানার মধ্যে কয়েক বছর ঘুরে আসো তার পর তোমাকে পুরুষ্কাকার দেওয়া হবে। 


নথি পর্যালোচনায আদেশ,আসামী ভিতরে যাবে।

শর্মিষ্ঠা মজুমদার



মৌরুসী-পাট্টা

গাছ,তুমি এত অগোছালো কেন?

ডালপালা এমন ভাবে  ছড়ায়!!

জানোনা! এটা মরুভূমি

এখানে শুধু  কাঁটা জন্মায়...

মোড়লের কথায় ,বিষন্ন গাছ বলে,

জীবন আগুনে জ্বলে-পুড়ে 

মানুষ  দুপুরে , আমার ছায়ায়

একটু শান্তি পায়,সে কি বৃথা তবে?

আর ঐ পাখিগুলো ! যারা গান গায়

তারাই বা বাঁচবে কিভাবে ?

শুনে মোড়ল বলে,ভুলে যাও সব

তোমার যত ছল,বড় হওয়ার কৌশল,

কৌলীন‍্য কোথায় তোমার,বুনো ভূত

জঞ্জাল,আগাছা কোথাকার!

গাছের পাতা মৃদু দুলে বলে,

ক্ষতি কি,যদি আমার মত 

দু একটা বুনো আগাছা জন্ম নেয়?

কাঠফাটা দুপুরে ,তবুওতো 

একমুঠো ,শান্তি কাউকে দেয়।।