২৪ মার্চ ২০২২

কবি মহুয়া চক্রবর্তীর কবিতা




পরিচয় 
মহুয়া চক্রবর্তী

আমি কে কিবা আমার পরিচয়
 সারাজীবন ভেবেই মরলাম 
কি আছে আমার বিষয়-আশয়।
এই মানবজমি জ্ঞানের অভাবে 
অজ্ঞানেতেই রয়ে গেল
তিল তিল করে এবার 
যাবার সময় যে ঘনিয়ে এলো।
 
যতই আমি আমার আমিকে 
খুঁজে  মরি শত মানুষের ভিড়ে
ততোই আজ একাকিত্ত এসে
ভিড় করে আমার মনের ঘরে।
    
আমি যেন এক আঁধারের পথে 
হেটে চলেছি বহুকাল ধরে
আজ আর কেউ সঙ্গী নেই আমার হাতদুটো ধরবার।

নিজের অহং ত্যাগ করো একটি বার ভাবো
টাকা-পয়সার রূপের ছটা কিছুইতো স্থায়ী নয়
একদিন এই মানব দেহ মাটিতেই বিলীন হয়।

মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মেছিলেম আমি
আজ মান আর হুশ ভুলে
আমার আমি'তে মত্ত হয়েছি আমি।

জ্ঞানের প্রদীপ জ্বালো এবার
নিজের মনের মাঝে,
প্রভুর নাম স্মরণ করো
ও মন তুমি সকাল সাঁঝে।
তবেই তুমি হবে পার এই ভবসিন্ধু হতে
এক টুকরো সাদা কাপড় ছাড়া
কিছুই যে যাবেনা তোমার সাথে।

কবি নওশাদ আলম এর কবিতা





দুর্বৃত্তের কবলে জিম্মি
নওশাদ আলম 

দুর্বৃত্তের কবলে জিম্মি স্বাধিকার স্বাধীনতা,
স্বাধীনতা চিপে খাচ্ছে রক্ত ভুলেগিয়ে জাতিপ্রথা।
রুচিটা তাদের কত নিকৃষ্ট ভাবলে আসবে ঘৃণা,
হারামের থালা চেটেপুটে খায় সেই মনুষ্যহীনা।
জনগণ কাঁদে ভাগ্য লুকিয়ে স্বাধীনতা কিনে দামে,
নাভিশ্বাস ছাড়ে দিনমজুররা, শরীর ভেজায় ঘামে।
নির্ঘুম রাতে হতাশায় ডোবে স্বাধীনতা আনে যারা,
তাঁদের স্বপ্ন করছে হত্যা পেলো কোথা' আস্কারা?
মুক্তির রাহে জীবন দিয়েছে অজস্র বীরসেনা,
তাঁদের রক্তে হোলি খেলে যায় সম্মান করে ফেনা।
যেদিকেই দেখি সেদিকেই শুধু দুর্বৃত্তের ছায়া,
অফিস কাছারি জিম্মি করছে দলীয় সব বেহায়া।
খোলা ময়দানে চাঁদা তোলে দেখো দুর্বৃত্তের দলে,
পুলিশের সাথে খাতির জমিয়ে লেনাদেনা তলেতলে।
চার্দিকে ওই সাঙ্গপাঙ্গ জিম্মি করেছে ধরা,
অগ্নি উত্তাপ পড়ছে ভীষণ স্বাধিকার মাঠে খরা।
দুর্বৃত্তের হিংস্র কবলে রবো কতোকাল আর?
নেংটি ইঁদুরে মানচিত্র কেটে করলো যে সাবাড়।
দুর্বৃত্তের মদদ যোগাচ্ছে বড় মগডালে বসে,
নিজের দেশকে ধ্বংস করছে মেলে না অঙ্ক কষে।
সোনালি স্বপ্ন ঝিমিয়ে পড়েছে অন্তিম সূর্যের মত,
খুঁচিয়ে খুঁচিয়ে সততাকে মেরে নেশার বতলে রত।
অবশানের ঐ পেখম গজাবে কখন বাংলাদেশে?
দুর্বৃত্তের প্রাচীর মাড়িয়ে উড়বো পাখির বেশে।

শামীমা আহমেদ ধারাবাহিক উপন্যাস পর্ব ৭৫




ধারাবাহিক উপন্যাস 


শায়লা শিহাব কথন 
অলিখিত শর্ত (পর্ব ৭৫)
শামীমা আহমেদ 

,,খুবই কৌতুহলবশত রিশতিনা শায়লার কলটি রিসিভ করে দ্রুতই বারান্দায় চলে গেলো।যে কোন মূহুর্তে শিহাবের ঘুম ভেঙে যেতে পারে। তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যেতে পারে। যদিও শায়লাকে নিয়ে শিহাবের কোন রাখঢাক নেই। আর শিহাব বরাবরই এমন। সবকিছুতে তার স্বচ্ছতা থাকে।কিন্তু রিশতিনারও কিছু বলবার আছে । তবে কলটি ধরে রিশতিনা নীরব রইল।ওপ্রান্ত থেকে শায়লার কন্ঠ ভেসে এলো। খুবই আবেগী আদুরে গলায় সে শিহাবকে ডেকে যাচ্ছিল।এ প্রান্ত থেকে কোন সাড়া না পাওয়াতে এরপরের কন্ঠস্বরে বেশ উৎকন্ঠা ঝরে পড়লো। শিহাব ঘুম ভাঙালাম নাকি ? শিহাব তুমি কেমন আছো ? ভালো তো ? কি হয়েছে ?  রাতে ভালো ঘুম হয়েছে তো ? তোমাকে খুব দেখতে মন চাইছে।রাতে ঠিকমত খাবার খেয়েছিলে তো ?
এবার রিশতিনা যেন তার জবাব খুঁজে পেলো। 
বেশ স্পষ্ট কন্ঠেই উত্তর দিলো,হ্যাঁ,রাতে ঠিকমত খেয়েছে। আর আমি নিজ হাতে তাকে বেড়ে খাইয়েছি।
এ প্রান্তে নারী কন্ঠ ! শায়লার কাছে তা যে অত্যাশ্চর্য কিছু ! তাও আবার এত  সাত সকালে ? আবার জানালো,রাতে সে নিজে হাতে খাবার খাইয়েছে।তবে সে কে ? বাসায় কোন অতিথি এসেছে নাকি ? কই,শিহাব রাতেতো কিছু বললো না।শায়লা নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে জানতে চাইলো, আপনি কে বলছেন ?
রিশতিনা যেন নিজের পরিচয়টা শক্তভাবে দেয়ার একটা সুযোগ খুঁজে পেলো,সে দৃঢ় কন্ঠে বললো, আমি রিশতিনা। শিহাবের স্ত্রী। গতকাল আমি এসেছি। এখনো আছি।এবং বাকী জীবন থাকবো।
কথাগুলোতে শায়লা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলো না। তার মাথা ঘুরছিল। পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। এমনিতেই সে নানান যোগ বিয়োগে একেবারে অসহায় বোধ করছিল। শুধু শিহাবের ভালবাসাকে শক্তি করে মনের দিক থেকে এগিয়ে যাচ্ছিল।
শায়লা ভেবে নিলো, রিশতিনা তবে রাতেও শিহাবের সাথে ছিল ? তাইকি রাতে শিহাব ক্লান্তির কথা বলে তার সাথে কথা কমিয়ে দিয়েছিল। দ্রুত ফোন রাখতে চাইছিল ?
শায়লা আর কিছুই ভাবতে পারছে না। তবে শিহাবের মুখ থেকে তার সবকিছু শুনতে হবে। হতে পারে অন্য কেউ রিশতিনা সেজে তাকে ধোকা দিচ্ছে।কিন্তু এত সকালে শিহাবের ঘরে একজন নারীর উপস্থিতি !  তবে সেই বা কে ? 
শায়লা রিশতিনাকে সরাসরি প্রশ্ন করলো, শিহাব কোথায় ?  মোবাইলটা ওর হাতে দিন।আমি কথা বললো।
রিশতিনার মনে শিহাবের প্রতি তার অধিকারটা যেন বেশি মাত্রায় ছাপিয়ে গেলো, সে মিথ্যে করে বললো, এইতো শিহাব আমার পাশেই ঘুমিয়ে।কাল আমরা অনেক রাত পর্যন্ত জেগে ছিলাম। তাই শিহাব এখন অঘোরে ঘুমাচ্ছে।
শায়লার বুঝতে আর কিছু বাকী রইল না। তবে সে রিশতিনাকে গ্রহণ করেছে ? তাহলে কেন রাতে তাকে জানালো না। রিশতিনাকে নিয়ে তারতো কোন দ্বিমত নেই। রিশতিনা তার স্ত্রী। যে কোন সময়ই তাদের মান অভিমান ভাঙতে পারে।ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। তাদের একটা সন্তান আছে।তাই আবার তারা এক হতে পারে। কিন্তু পরক্ষণেই  সময়ের সাথে সাথে শিহাবের প্রতি তার যে বিশ্বাস জন্মেছে,শিহাবের কাছ থেকে যে আশ্বাস মিলেছে, গতরাতেও যে শায়লাকে চলে আসতে বলেছে,তাকে তৃতীয় কারো কথায় কিভাবে অবিশ্বাস করবে ? শিহাবের সাথে তার কথাবলা ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়ালো।শিহাবের মুখ জবানীতে সব শুনে শায়লা নিজের জীবনের সিদ্ধান্ত নিবে।
বেশ অনেকটা সময় দুই প্রান্তে দুজন পিনপতন নীরবতায় শিহাবের প্রতি দুজনার ভালোবাসার গভীরতা যাচাই করে নিচ্ছিল।
শায়লা কথা বলে উঠল,ঠিক আছে। শিহাব ঘুম থেকে জাগলে আমাকে কল করতে বলবেন। জানাবেন, মায়া কল দিয়েছিল।আর তাতেই সে বুঝে নিবে।
মায়া ? কিন্তু কলেতো আপনার নাম শায়লা দেখতে পেলাম!
হ্যাঁ, সেটাও আমারই নাম।তবে শিহাব আমাকে ভালোবেসে মায়া নামে ডাকে।
আজ যেন রিশতিনার কথার জেদ চেপে বসেছে।সে শায়লাকে কথার পৃষ্ঠে কথা দিয়ে ঘায়েল করতে চাইছে।
সে শায়লাকে স্মরণ করিয়ে দিলো, জানেন তো মায়া জিনিসটা ক্ষণিকের। কিছুদিনই তার রেশ থাকে।আর যাদের মনে খুব দ্রুত মায়া জন্মায় আবার খুব দ্রুতই তাদের সে মায়া কেটে যায়।
শায়লা রিশতিনার কথাগুলো আর নিতে পারছিলো না। শুধু জানালো, ঠিক আছে আপনার বলতে হবে না।আমিই পরে আবার কল করবো।
ফোন কেটে দিয়ে শায়লা কান্নায় ভেঙ্গে পড়লো! তার মনে হলো, বিশাল জলরাশির উত্তাল সাগরে তার ডিঙ্গি নাওখানি এখুনি ডুবে যাবে! আর সে বাঁচবার আকুতিতে শিহাব, শিহাব বলে চিৎকার করে যাচ্ছে।
ফোনে কথা বলা শেষ করে রিশতিনা খুবই নীরবে পদধাপে ঘরে চলে এলো।নাহ! শিহাব জাগেনি।ঠিক আগের মতই ঘুমাচ্ছে। রিশতিনা কলটি ডিলিট করে মোবাইলটা শিহাবের পাশে সেন্টার টেবিলটায় রেখে দিলো।
রিশতিনা বুঝে নিলো, এভাবেই একটু একটু করে আগাতে হবে।শিহাবের মন থেকে মেয়েটির নাম মুছে ফেলতে হবে। গতরাতে শিহাবের করা অপমানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও এখন তার সিদ্ধান্তে পরিবর্তন আনলো।শিহাব যত অপমান আর যতই চলে যাওয়ার কথা বলুক,রিশতিনা তার অধিকার ছাড়বে না। কিছুক্ষন পর রোমেল ভাইয়াকে কল দিয়ে সব আপডেট জানাবে।আর এরপর করণীয় কি তার গাইডলাইন নিবে।
রিশতিনা শিহাবের বেড রুমে চলে এসে ঘুমের ভান করে পড়ে রইল।
বেশ বেলা করেই শিহাবের ঘুম ভাঙল।ঘুম থেকে জেগে নিজেকে সোফায় দেখতে পেয়ে একে একে রাতের সব ঘটনা মনে পড়তে লাগল।বাসায় রিশতিনার উপস্থিতির কথা মনে পড়তেই সে এক ঝটকায় সোফায় উঠে বসলো। টেবিল থেকে মোবাইল নিয়ে অনলাইন হলো। নাহ! ধায়লার কোন কল বা মেসেজ নেই। শিহাব উঠে দাঁড়ালো। এক কাপ চায়ের তেস্টা সেই গতকাল রাত থেকে।
শিহাব বেডরুমের দিকে তাকালো।বিছানা খালি পড়ে আছে। তবে কি রিশতিনা চলে গেছে? শিহাব চিন্তিত হলো।এই সাত সকালে মেয়েটি কোথায় বেরিয়ে গেলো ? বহুদিন দেশের বাইরে থাকা সে কি আর দেশের অবস্থা বুঝবে ? এদেশে যে সিএনজি ওয়ালারাও মেয়েদের উপর সুযোগ নেয়।  শিহাব বেশ চিন্তিত হয়ে উঠে দাঁড়ালো। কোথায় যাবে মেয়েটি?মায়ের সাথেও সম্পর্ক ছিন্ন করে এসেছে। শিহাব মনে মনে  নিজেকে একটু দোষারোপ করলো।কালরাতে রিশতিনাকে বেশ কিছু কড়া কথা শুনিয়েছে। কি জানি আবার কিছু ঘটিয়ে বসে কিনা ? হায়, তাহলেতো সবার আগে সে-ই ফেসে যাবে। শিহাব দ্রুত মেইন দরজায় এগিয়ে গেলো।নাহ! ভেতর থেকে দেয়া ছিটকিনি তেমনি আছে! উফ! শিহাব যেন একটু নিশ্চিন্ত হলো। সে কিচেনের দিকে এগুতে পিছন ঘুরতেই দেখতে পেলো, এক কাপ চা হাতে নিয়ে রিশতিনা দাঁড়িয়ে আছে। শিহাব রিশতিনাকে কাপটি টেবিলে রাখতে বললো।সে নিজে হাতে তা গ্রহন করলো না।রিশতিনার প্রতি তার অবহেলাটা বুঝাতেই যেন শিহাব দূরত্ব রাখছে। শিহাব চায়ের কাপ আর সিগারেটের প্যাকেট,লাইটার নিয়ে বেডরুমের দিকে এগুলো। ভেবে নিলো,গিজারটা অন করে বারান্দায় বসে চা আর ধুম্র পান চলবে। তবে, রিশতিনাকে যতটা এড়িয়ে চলা যায়, তার সে চেষ্টাটাই থাকবে। গিজার সুইচে হাত দিতেই সেটা আগে থেকেই অন হয়ে আছে! শিহাব রিশতিনার দিকে তাকালো।তবে কি কাল রাতে থেকেই অন হয়ে আছে না সকালে রিশতিনা অন করেছে?
রিশতিনা চোখের ভাষায় সেটাই বুঝিয়ে দিতে চাইল।শিহাব বারান্দায় এগিয়ে গেলো।
 শিহাব মোবাইলের গ্যালারিতে থাকা  শায়লার মেরুন রঙের শাড়ি পরা  সেই পড়ন্ত বিকেলে সূর্যের মিষ্টি আভায় উজ্জ্বল  ছবিটির দিকে নিবিষ্ট মনে তাকিয়ে রইল।
 রিশতিনা  কোন কথা না বলে খুবই  নীরবে শিহাবের পিছনে এসে দাঁড়ালো।


চলবে....

২৩ মার্চ ২০২২

কবি সুচিতা সরকার এর কবিতা





অন্বেষণ
সুচিতা সরকার 

লক্ষ্যহীন এলোমেলো রাস্তায়,  
আগেও হেঁটেছি বহুবার।
কখনও চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে,
দীর্ঘ অপেক্ষা করেছি একটা সূর্যোদয়ের।
কখনও আবার হাতড়েছি অন্ধকার গলির বাঁক, 
কিছু নীল জোনাকিদের খোঁজে।
নিকষ কালো নিশিপথ আলো করতে,
শরীরটাতে আগুন দিয়েছি বার বার। 

না! পারিনি আমি।
আলোর অভিমুখ খুঁজতে ব্যর্থ হয়েছি প্রতিবার।
গাঢ়ত্ব বাড়িয়ে আঁধার ধেয়ে এসেছে আরও কাছে। 

তবুও ছাইয়ের স্তূপে দাঁড়িয়ে আজও স্বপ্ন দেখি,
একটা নীলপদ্ম শুধু আমার হবে।

কবি তাহেরা আফরোজ এর কবিতা




মানুষ 
তাহেরা আফরোজ

মানুষের ভীড়ে গিয়েছি অনেক, মানুষ দেখেছি 
বারবার বিভ্রান্ত হয়েছি, 
কে যে কাছের আর কে যে দূরের 
এই হিসাব অংকের চেয়েও জটিল 
যেমন জটিল জঞ্জাল শহরের বৈদ্যুতিক তার। 

মানুষ ভালো লাগে না 
মানুষের মুখোশ ক্রমান্বয়ে খসে খসে পড়ে চোখের সামনে 
কার দোষ বলো ? 
আমার কি দৃষ্টি বিভ্রম হয়েছে ইদানিং ? 
চোখের তীক্ষ্ণ চাহনিতে যে চুম্বকীয় শক্তি ছিল 
সেও নষ্ট হয়ে গেছে আজকাল 
চোখের আলোয় একটা আলোকিত মুখের মূর্তি গড়েছিলাম 
সেই মূর্তিও গুড়িয়ে গেছে 
অথবা আছাড় দিয়ে গুড়ো করে ফেলেছি। 
একটা আলোকিত মুখের সন্ধানে বিজ্ঞাপন দিব 
একটি আলোকিত মুখের সন্ধানে নেমেছি আবার 
একদম নিখাঁদ গড়া মূর্তির সন্ধানে নেমেছি।

কবি সঞ্জয় কুমার বণিক এর কবিতা




প্রতিক্ষা
সঞ্জয় কুমার বণিক

একটি ব্যাংকের প্রতিক্ষা রিমিটেন্স,আমানত 
একজন ধনাট্যের যে কোন উপায়ে ধন সংগ্রহ
ছিনতাইকারীর  প্রতিক্ষা কি উপায়ে বেকায়দায় ফেলে ধন ছিনতাই।
ঘুষখোরের  ফাইল ঠেকিয়ে অর্থ আদায়-
একজন সার্থপরের চিন্তা কি ভাবে ভাল মানুষকে ফাঁসিয়ে নিজের সার্থ আদায়।
একজন হিংসুটের  চিন্তা নিজের নাককেটে
পরের যাত্রা ভংগ করার
একজন শুভাকাঙ্খীর চিন্তা সমাজকে সু্ন্দর পরিচ্ছন্ন করে গড়ে তোলবার।
একজন অনাহারীর চিন্তা দুমুঠো ভাত যদি কেউ সেদে দেয়।
একটি নির্বোধ প্রানির প্রতিক্ষা রেষ্টুডেন্টের ভিতর থেকে কেউ  ছুড়ে দেবে একটু খাবার অথবা দুএকটা হাড় ।
একজন লেখক বা চিন্তাশীলের প্রতিক্ষা কখন এ বিষয়গুলো মানুষের বিবেক সত্যিকারের মানুষ হতে নাড়া দিবে-
প্রতিক্ষা শুধু আমার নয় সবার।

মমতা রায় চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৪০




উপন্যাস 

টানাপোড়েন ১৪০
এক নারীর পত্র
মমতা রায় চৌধুরী



১১,৩.২২ রাত্রি ২২.৩৮
রেখার জীবনটা তিতিবিরক্ত হয়ে গেল। ক'দিন ধরে রেখা লিখে উঠতে পারছে না ,বাড়িতে এত চাপ। স্কুলের চাপ তো রয়েছেই। কিন্তু তার মধ্যেও লেখা থেমে থাকে নি । এখন এ কি অবস্থা হল বাড়িতে যদি সব সময় একটা খণ্ডযুদ্ধ চলতে থাকে , সব সময় মনের ভেতরে টানাপোড়েন নিয়ে কি করে পেরে উঠবে? এবার মনে হচ্ছে কয়েক দিনের জন্য ওকে নিজের দেশের বাড়িতে গিয়ে থাকতে হবে। এ কথা ভাবতে ভাবতেই হঠাৎই একটা ফোন আসে।রিং হতে থাকে। ফোনের আর্তনাদে তড়িঘড়ি এসে ফোনটা রিসিভ করে বলল"হ্যালো'।
"কি ম্যাডাম লেখা কতদূর?"
"ও আপনি?'
কেন ভূত দেখার মত দেখলেন?
না ,তা ঠিক নয়।
আর হ্যাঁ 
"বেশ কয়েকদিন আমরা লেখা পাচ্ছিনা?"
রেখা একটু চুপ করে থাকে।
আপনার কি কোন সমস্যা হচ্ছে?
রেখা মনে মনে ভাবে নিজের সমস্যা নিজের কাছে রাখাই ভালো ।চার দেয়ালের বাইরে গেলে সেটা সমস্যা থাকে কোথায়? তাছাড়া তার সমস্যার সমাধান নিজেকেই করতে হবে।
অন্যের কাছ থেকে হয়তো কোনো সমালোচিত হতে হবে, নয়তো সহানুভূতি দৃষ্টিতে দেখবে।
"ম্যাডাম?"
"না ,না ,না কোন সমস্যা নেই।'
Ok
সামনে নারী দিবস ।বিশ্ব নারী দিবসে কিন্তু লেখা দিতেই হবে।কবিতা হোক, গল্প হোক, যাইহোক ওটা কিন্তু আলাদাই পাঠাতে হবে আর এটা যেমন লিখছেন ধারাবাহিক লিখতে থাকুন।
Ok
"ভালো থাকবেন।'
"আপনিও ভালো থাকবেন।'
ফোনটা রাখার পর ভাবতে লাগলো।
নারী দিবস, বিশ্ব নারী দিবস। যেখানে প্রতিনিয়ত ক্ষুন্ন হয় নারীর মর্যাদা। প্রতিনিয়ত বেআব্রু হয়, নারী ।যেখানে প্রতিনিয়ত পণ্যে পরিণত হয়
 নারী । যেখানে পবিত্র শিশু পর্যন্ত ধর্ষিত হয়,যেখানে বঞ্চিত, নিপীড়িত শোষিত, পদদলিত  নারী ।সেখানে বিশ্ব নারী দিবস হাস্যকর মনে হয়। শুধু কি তাই নারীকে বঞ্চিত হতে হয় এখনো শিক্ষা-দীক্ষা থেকে। যেখানে নারী তার আপন সগৌরব অধিকার থেকে বঞ্চিত হয়? যে নারী গৃহের সৌন্দর্য ও শান্তির চির উৎস কেন সেই নারীর জীবনে নেমে আসে অকালমৃত্যুর অভিশাপ! কেন নারী পরিণত হয় বিকিকিনির সহজ পণ্যে? কেন নির্মম, নিষ্ঠুর কোন সামাজিক প্রথা যুগে যুগে নারী জীবনকেই অশ্রুময়ী করে? কেন নিরুপমা দের আজও চিতা জ্বলছে?নারী যে তিমিরে সেই তিমিরেই।
তাই '"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী ,অর্ধেক তার নর।" তবে কেন নারীর এরূপ দশা?
'নারীর আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার' এই বার্তা কবে সত্য হবে?
কিছু নারী তো অবশ্যই শিক্ষার আলোকে এসে
তারা দেখিয়ে দিয়েছে তারা পুরুষের সমকক্ষ তারাও পারে শিক্ষিকা ,ডাক্তার ,নার্স , পুলিশ, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি নিজ নিজ  ক্ষেত্রে আসীন হতে ।
নিজেকে দিয়ে ভালই বুঝতে পারছি। উচ্চশিক্ষিতা, চাকুরিরতা তার পরেও কিভাবে শ্বশুরবাড়িতে লাঞ্ছিতা, নির্যাতিতা।
 এ নির্যাতন না যায় কাউকে বলা না ,যায় সহ্য করা। অথচ একটি গ্রাম্য অশিক্ষিত নারী ও বোধ হয় এরথেকে অনেক বেটার আছে।
আজ উপন্যাসের একটা পর্বে বিশ্ব নারী দিবসের উপর লেখা লিখব। আজকে একটা পত্র লিখব অভিযোগ পত্র । না ঠিক অভিযোগ পত্র নয় নারীর ভেতরের শক্তি যখন জাগ্রত হয় তখন তার উপলব্ধির স্ফুরণ তাই নিয়ে।

প্রিয়তম,
শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয়তম বলে তোমাকে সম্মোধন করে ।আসলে আজ একযুগ হলো প্রায় এই নামে তোমাকে সম্বোধন করে আসছি। মানুষ তো অভ্যাসের দাস ।তাই।
আমি আজ তোমার প্রিয়তমা নই। আজ আমি একজন নারী হিসেবে তোমার কাছে কতগুলো প্রশ্ন রাখছি। এতদিন আমি চুপ করেছিলাম দেখি তাতে তোমাদের কোন ভাবান্তর হয় কিনা?
না ,তোমাদের বোধোদয় হবে না ।আসলে তোমাদের বোধবুদ্ধির ঊর্ধ্বে গিয়ে শিকড় চলে গেছে মাটির অনেক অনেক গভীরে । তাই তাকে সমূলে উৎপাটিত না করলে কখনোই নিজের দিকে তোমরা ফিরে তাকাবে না।
তুমি হয়তো ভাববে যে ,আজ আমার কি
 হলো ? আজ তোমাদের বাড়ির ছোট বউ এর একি হাল ! আশ্চর্য হচ্ছো না?মনে হচ্ছে না কথাবার্তাতে কেমন  অসংলগ্নতা। যাই বলো না কেন? আজ কিন্তু আমি একটু অসংলগ্ন ই হয়েছি।এবার ভাবতে বসেছ,আজ সকল গণ্ডি পেরতে কে এমন করে বুকে সাহস জোগালো, তোমাদের পুরুষশাসিত সমাজের বাইরে গিয়ে নিজেকে দেখার?তোমাদের হয়তো তাই মনে হবে যে ,একে যা বলেছি এ তাই করেছে। বিচার করার এত ক্ষমতা তো এবারের ছোট বৌ এর ছিল না মনে হতো যেন বোধবুদ্ধিহীন একটা জড়পদার্থ তাই না? এতোকাল তোমরা যা বলতে
তাই করে এসেছি । মুখে কোনও রা কাটি নি। আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের মন পাবার ।চেষ্টা করেছি কিন্তু পাইনি । আসলে বোধহয় আমারও ভেতরে একটা রক্ষণশীলতার বীজ বোপিত হয়েছিল। তাই মন কাজ 
করছিল মা-বাবার দেখানো আদর্শে বিশ্বাসী হয়ে শ্বশুরবাড়িতে সবার কথাটাকেই মান্যতা দিয়ে আসার। তাই নিজের পরিশ্রম হলেও কষ্ট হলেও, বুকে পাথর চাপা দিয়ে হাসিমুখে চেষ্টা করেছি  সব কাজ একা হাতে করতে। অবশ্য আমার কাজ দেখে তোমরা উপরে হয়তো প্রশংসা করো নি কিন্তু ভেতরে ভেতরে প্রশংসা করেছ, যার জন্য কাজের মেয়ে টুনিকে ছাড়িয়ে দিয়েছ। তোমরা ভেবেছো আমি বোধহয় এসব কিছুই বুঝতে পারিনি। এতটা বোকা কিন্তু আমি নই। সব বুঝতে পেরেছি কিন্তু আমি কিছু বলিনি ।ওই যে শ্বশুরবাড়িতে পা দেবার আগে মা শিখিয়েছিল জীবনটাতে শুধু এড জাস্ট শুধু অ্যাডজাস্ট করে যাবি। তাহলে দেখবি সব থেকে বেশি ভালো থাকবি  ।তাই করার চেষ্টা করেছি কিন্তু আমি আমার মায়ের উদ্দেশ্যে বলছি তোমরা অ্যাডজাস্ট করতে করতে তোমরা তৃণের থেকেও বেশি নরম হওয়াতে তোমাদেরকে পা দিয়ে দলিয়ে , মাড়িয়ে চলে গেছে সবাই। তাই পারলাম না। শেষ পর্যন্ত পারলাম না । কেন বলো তো ? ছোটবেলায়  আমাদের পূর্ব বাংলা থেকে উদ্বাস্তু এক জেঠিমা এসেছিলেন আমাদের বাড়িতে কাজ করতে। দেশভাগের যন্ত্রণা জেঠিমাকে কুরে কুরে খেত। যে দেশকে আপনার করে ভেবেছিল আর তার নিজের রইল না অঝোরে শুধু চোখের জল ফেলতেন। ও দেশের ঐশ্বর্য ফেলে এসে এদেশে ঝিয়ের কাজ করতে হত।কাজ করতে বলতেন প্রায়ই  'মাইয়া হইয়া জন্মাইছ  ব্যাটাছালের পায়ের তলায় থাকইতে অইবো। যতই চেষ্টা কইরো না ক্যান উপুরে কিন্তুক কুনো দিনই উঠবার পাইরবে না । আবার কখনো কখনো বলতেন 'মাইয়া গো জীবন অইতাছে উদ্বাস্তুর জীবন ,যেহানেই যাউক হেইখানে হগল সময় উদ্বাস্তুর মত জীবন কাটাইতে অয়। মাইয়া মানুষের আবার আসল ঠিকানা কি। হগল সময় কারোর না কারোর অধীনে থাকইতে অয়। 'আসলে বাবা আমাকে খুব ভালোবাসতো ,মাও ভালোবাসতো ।মেয়ে মানুষের এই আদর পরিবারের বাকিরা কেউ মেনে নিতে চাইনি ।সেই আদরেই বোধ হয় আমার ভেতরে একটা স্পষ্ট বাদী মনোভাব গড়ে উঠেছিল। যখন কোন কিছুর প্রতিবাদ করতাম তখন জেঠিমা আবার বলতেন ও 'মাইয়া তুমারে কয়ডা কথা কই। মাইয়া হইয়া এত জেদ রাইহ না। কপালের তাইলে কিন্তু অনেক কষ্ট।'
'ছোটবেলায় তখন শুধু ভাবতাম জেঠিমা কি যে বলে সবারই দুটো হাত দুটো পা । তাহলে সব সময় পুরুষ মানুষ যা বলবে তাই মেনে নিতে হবে এটা আমি কিছুতেই মানতে পারব না। প্রতিবাদ করব। তাই দেখতাম আমার ঠাকুমা যখন মায়ের সাথে দুর্ব্যবহার করতেন মা কিন্তু চুপ করে থাক তো। মাকে কতদিন চোখের জল ফেলতে দেখেছি। যখন ঠাকুমাকে মায়ের পক্ষ নিয়ে কোনো কথা বলতাম ঠাকুরমা বলতো 
'এই মাইয়া ঘর করতি পাইরবো না। প্রতিদিনই শ্বশুর বাড়ি থেইকে লোক আইসবো। মাইয়ারে শিক্ষা-দীক্ষা 
দাও । এর তো লাজ-লজ্জা কিছুই নাই। পোলা মানুষের মত সারাদিনে টো টো টো কইরা ঘুইরা বেড়ায়।ঘরের কিছু কাজকর্ম শিখাইতে তো পাইরো?'
 মা কিন্তু চুপ করে থাকতো। মা পরে ভেতরে গিয়ে আমাকে আদর করে বলতো' এসব কথা বলিস না ঝাঁসির রানী' আর কাছে টেনে খুব আদর করত।'
আজ তাই সেই ছোট্টবেলার শক্তিটাকে আবার কাজে লাগাচ্ছি।
দেখলাম আমার ভেতরে যে  শক্তি আছে যার দ্বারা আমিও  প্রতিহত করতে
 পারি ।তাই আজ বাকশক্তির সাহায্যে সেটাকে লেখনি হিসেবে ব্যবহার করলাম আজ তাই প্রতিবাদ করছি।
এর ফল কি হবে আমি জানি।আর আমার ও বাড়ীতে ঢোকা হবে না । আজ যেন সেই জেঠিমার কথাটাই সত্যি হলো "মেয়ে মানুষের জীবন উদ্বাস্তুর মতোই।"আমি জানি আজকের পর থেকে আর তোমাদের বাড়িতে আমার জায়গা হবে না।আমি আমার নিজের আইডেনটিটি  তৈরি করে নিয়েছি । তুমি  খুব অবাক হচ্ছো না? বাবা, আমি এত কথা গুছিয়ে লিখতে পারলাম?আমি জানি তুমি মনে মনে হাসবে। পরে বলি একটা প্রশ্ন তোমার মনে জেগেছে তো ,সেই আইডেন্টিটি  কি? প্রথমে বলি আমি একজন নারী। নারীর ভেতর রয়েছে সেই শক্তি, দেবী দুর্গার রূপ। অসুর দলনী দেবী দুর্গা। নারীর একদিকে রয়েছে অসাধারণ ধৈর্য শক্তি কিন্তু ধৈর্যের অনেক পরীক্ষা দিলাম এই সংসারে,মন তোমাদের জুগিয়ে উঠতে পারলাম না ।আর সম্ভব নয়। তাই আমি এবার 
নিজেকে আবিস্কার করার নেশায় মেতেছি।
' জানো ,তুমি তো জানো আমি আগাগোড়াই নিরীহ অবলা জীবগুলোর প্রতি একটু ভালোবাসা সহানুভূতি দেখাই। এবার ওদেরকে নিয়ে কাজ করব ।তোমরা যে এত কিছু করেছ আমার সাথে তার পরেও বেঁচে থাকার তাগিদ পেয়েছি কোথা থেকে জানতে চাও ?ওই ছোট্ট ছোট্ট স্ট্রীট ডগ  ওদেরকে ভালোবেসে ।এখন দেখলাম মানব জীবন তো একটাই বার বার  পাব না এই জীবন।হয়তো অন্য রূপে আসব। এই জীবনে তুচ্ছাতিতুচ্ছ সাংসারিক কাজ কর্মে নিজেকে নিয়োজিত করে নাই বা ছোট করলাম। এবার আমি সেবার ব্রতে নিজেকে উৎসর্গ 
করলাম ।জানো ,কারা আমার দিকে হাতটা বাড়িয়েছে? এইরকম অনেক অনেক অসহায় নারীরা একত্রিত হয়েছে এই 'নারী শক্তিতে।' কবি শঙ্খ ঘোষের কবিতা টা মনে পরে তোমার
' আয় আরো বেঁধে বেঁধে থাকি'। আমরা এখন 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কেমন অবাক লাগছে না ?এ বাবা এ বাড়ির ছোট বউ । আজ মুখ খুলেছে ভাবছো। জানি বড় পিসিমা গুটিকয়েক গালমন্দ দিচ্ছে আর আমার শাশুড়ি মা হেসে মিছরির ছুরি শানিয়ে তোমাদের বাড়ির ছোট বউ এর বুকে বসাচ্ছেন।
আর কি কথাই না তোমাকে শোনাচ্ছেন
 বলো ?'বলেছিলাম এ রকম মেয়েকে বিয়ে করিস না '।
যদিও পাত্রী তোমাদের অভিভাবকরাই দেখতে গিয়েছিলেন সঙ্গে তুমি গিয়েছিলে ।এক দেখাতেই তোমার পছন্দ হয়ে গেছিলো। সেদিন যে তুমি আমার ভিতরে কি দেখেছিলে  কে জানে! তুমি আজকে ভাবছো তো কি শান্ত ভাবলেশহীন একখানা মুখ আজকে তার ভেতরে প্রতিবাদী সত্তা আমিও না খুব অবাক হচ্ছি ।তবে আমি তোমাকে কোনো দোষারোপ করছি না ।আমি জানি তুমি মায়ের ন্যাওটা  ।যতই তুমি তোমার স্ত্রীকে ভালোবাসার চেষ্টা ক'রো না কেন মায়ের কথার উপরে তুমি উঠতে পারবে ?না, না ,না  আমি কিন্তু একবারও বলছিনা তুমি মায়ের অবাধ্য হও কিন্তু সব থেকে খারাপ লাগে কি জানো? আসলে একটা মেয়ে সে তো তার সর্বস্ব ছেড়ে একটা নতুন পরিবারে আসে। সবাই কে  মানিয়ে নেবার চেষ্টা করে তার সঙ্গে যদি পরিবারের অন্য সবাই যাই করুক না কেন অর্থাৎখারাপ ব্যবহার করুক কিন্তু স্বামী যদি তার সঙ্গ দেয় তাহলে কিন্তু এত কষ্ট লাগে না। না আমার কোন কষ্ট নেই। আমি জানি তুমি চেষ্টা করলে হয়তো প্রতিবাদ করতে পারতে কিন্তু তুমি চেষ্টাই করোনি। শুধু কষ্ট হয় কোথায় জানো ?তোমার জন্য ।আমি তোমাকে ভালবেসেছিলাম । তুমি আমাকে ভালোবেসেছো হয়তো?কিন্তু তুমি বেঁধে রাখতে পারলে না। এজন্য আমার খুব কষ্ট হয় ।আমিও পারলাম না 
জানো ?চিরদিন নিজের নারী সত্তার অবমাননা আমি আর দেখতে পারলাম না । প্রতিনিয়ত কি শুনেছি তোমাদের বাড়িতে বলতো '
বাচ্চা না হওয়ার যন্ত্রনা  ,বাজা মেয়ে ছেলে  ।কিন্তু সত্যি করে বলো তো সত্যি কি আমার কোন দোষ ছিল তাতে ?ওই ব্যাপারটা নিয়ে আমি আর নাড়াচাড়া করতে চাই না। আমি বাজা মেয়ে মানুষ হয়েও কিন্তু কতগুলো অবলা জীব এর মা হয়েছিলাম ।বাড়ির সামনে দেখো নি আমার সন্তানদের?কি সুন্দর আর ওদের কাছে আমি মা হয়ে গেলাম।ওদের  ভালোবাসা মায়ের প্রতি সন্তানের বিশ্বাস ভালোবাসা উজাড় করে দিত ওরা। তোমাদের বাড়িতে ছিলাম আমি এই তৃপ্তি নিয়ে। তাই না পাওয়ার বেদনা আর আমাকে কুরে কুরে খেতো না। যদিও এর জন্য লড়াই করে নিতে হয়েছে ।আজকে যদিও বা আমি থাকতে 
পারতাম ।পারলাম না ।কেন বলতো? সত্যি কথাটা তোমাকে জানাচ্ছি 'তিন্নিকে যেদিন তোমরা মেরে ছিলে।সেদিন তোমাদের ক্ষমা করতে পারিনি।
তোমাকে চিঠি লিখতে গিয়ে আমার বুকের ভেতরটা বারে বারে দুমড়ে-মুচড়ে গিয়েছিল।
 তার থেকেও সাংঘাতিক অন্ধকার বিষণ্ণতার দিন ছিল সেদিন ,যেদিন তোমরা আবারো তিন্নিকে মারলে  আমার উপর রাগ করে।  আমি ওদেরকে আদর করে খাবার খাওয়াতে গেছি কিন্তু সে তোমরা খেতে পর্যন্ত দিতে দিলে না। অমানুসিক কাজটা করেছিলে। সেদিন আমি কিছুই করতে পারলাম না। যদি কিছু করার ক্ষমতা না থাকে তোমাদের বাড়িতে থেকে কি লাভ বল তো ?তাই চলে এলাম। হ্যাঁ ,জানি অনেক রাগ অভিমান তোমাদের থাকবে। যাই থাকুক সেটুকুই আমার জন্য প্রাপ্য ।সেটা মাথায় তুলে নিলাম। তবে তুমি বলেছিলে একদিন ক্যান্ডেল ডিনার করাবে সেখানে শুধু তুমি আর আমি আর ক্যান্ডেল দুজন দুজনার দিকে ওই রকম একটা মায়াবী পরিবেশে তাকিয়ে থাকব পরস্পর পরস্পরকে আপন করে নেবো ,সে অতৃপ্তি আমার থেকে গেল। সে থাক কত আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায় ।সে নিয়ে আর আফসোস করি না।

আজ আমি নারী এই প্রথম যেন অনুভব করলাম।তাই আমার ভেতরে রয়েছে সেই 
শক্তি । মাতৃশক্তির জয়জয়কার হোক। আমি তার অংশীদার  ।তাই আজ নিজেকে প্রমাণ করার জন্যই বেরিয়ে পড়লাম, পারলে আমাকে ক্ষমা কোরো ।ভালো থেকো ।
তবে অবশ্যই আমি তোমাকে  বলব আমার জন্য যদি তোমার কোথাও একটু সফট কর্নার থেকে থাকে, আমাকে ভুলে গিয়ে তুমি নতুন করে জীবন শুরু ক'রো ।আমি তো বারবার তোমাদের বাড়িতে এটাই শুনে এসেছি আমি আসার পর থেকে নাকি তোমাদের সংসারের সব থেকে বেশি অশান্তি শুরু হয়েছে। অশান্তি যদি বাড়ি থেকে বেরিয়ে যায়। তাহলে তো শুধু শান্তি আর শান্তি। তোমার ওই হাসি মুখটা দেখতে চাই আর তোমাদের সংসারে যারা তোমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মুখে হাসি টুকু থাক। 
ওই দেখো শুধু নিজের কথাই বলে যাচ্ছি তোমার কথা কিছু বলবো মাথা থেকেই চলে যাচ্ছে।
শোনো ,তোমার মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হয় তুমি কিন্তু ঠিক সময়ে খাওয়া-দাওয়া টা করো আর পারলে জলের পরিমাণটা একটু বেশি খেয়ো।
আরেকটা কথা তোমার দিদি বারবার বলত না তোমার দিদির দুঃসম্পর্কের কি রকম ননদ হয় সে নাকি খুব ভাল মেয়ে। এখনো তোমার জন্য ওয়েট করছে। এবার তুমি তাকে গ্রহণ করে ধন্য হও।
শোনো ,তোমার রাত্রিতে অন্ধকারে ভয় লাগে আমি জানি। তাই ব্যালকনির আলোটা জ্বেলে রেখো আর মাঝে মাঝে উঠে তোমার জল খাওয়ার অভ্যাস আছে ।জলের বোতলটা কাছে রেখো।
চিন্তা নেই আইনগতভাবেই তোমাকে ছাড়পত্র দেব। কাগজপত্র রেডি করে আমাকে পাঠিয়ে দিও আমার ঠিকানা তোমাকে আমি দিয়ে দেবো।
এটাই বেশ ভাল হল ।তোমার পক্ষে ও 
ভালো ।আমার পক্ষেও ভালো ।তোমার পরিবারের পক্ষে ও ভালো ।তবে আমার পরিবারের পক্ষে ভাল কিনা জানিনা ।আমার পরিবার বলতে আর কে আছে বল তো ?মা, বাবা সে তো কবেই তারা পর করে দিয়ে চলে গেছে না ফেরার দেশে। মামা মামি তারা তো বরং খুশী হবে ।এত কথা তো তাদের আর শুনতে হবে না ,আর তাছাড়া তাদের আপদ বিদায় হয়েছে। কি ভালো নাম 
না ?তোমাদের বাড়িতে ,মামার বাড়িতে ও আপদ। আজ আর এ সব আমার মনে দাগ কাটে 
না ।জানো ,আগে খুব কষ্ট পেতাম ।কত চোখের জল ফেলেছি। সারারাত হয়তো ঘুমোতে পারিনি কিন্তু তুমি কিন্তু দিব্যি নাক ডেকে ঘুমিয়ে আছো একবারও খোঁজ নাওনি।
আজ আমি মুক্ত ।মুক্তবিহঙ্গ নীল আকাশে ওড়ার পালা। তাই নিজেকে উৎসর্গ করলাম 'নারী শক্তি দুর্গা' তে। ওদের মূল লক্ষ্য হচ্ছে এরকম অসহায় বিপন্ন নারীদের নিয়ে কাজ করা এবং তাদের 
সঙ্গে নিজেকে মিলিয়ে দিলাম ওদের মত এরকম একটি ভাল কাজের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। অন্তত কারোর জন্য তো কিছু করতে পারব? জানি এই নিয়ে তোমাদের বাড়িতে বিদ্রূপের ঝড় উঠবে। সে উঠুক একটা জিনিস তো থাকতেই হবে। তোমাদের মধ্যে না হয় আমি বিদ্রূপ সমালোচনা ঘৃণার পাত্র হয়ে চিরজীবী হয়ে থাকলাম।আর একটা কথা ,যদি কখনো তিন্নি ফিরে আসে। ওকে আর আঘাত ক'রো না। আমি তো তোমাদের বাড়ি ছেড়ে দিচ্ছি
পারলে ওকে আমার নাম করে একটু খেতে দিও।
তবে এইটুকু আমার দাবি যদি মান্যতা দাও,
 দেবে ।না দিলে আর কি করবো? তবে জেঠিমা আমিও উদ্বাস্তু জীবন কাটিয়ে উঠব। এতদিন গলিপথে ঘোরাফেরা করেছি এবার সঠিক রাস্তায় চলবো।
আবার বলি ভালো থেকো, নতুন ভোর কুয়াশার চাদর সরিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। সোনালী রোদ্দুর,স্বর্ণালী সন্ধ্যা বার বার ফিরে আসুক তোমার জীবনে। শুরু হোক নতুন জীবন।

ইতি 
তোমার 
কোন এক সময়ের পরিচিতা
৮.৩.২২

কবি সুব্রত চক্রবর্ত্তীর কবিতা




এক মুঠো শান্ত রোদ
সুব্রত চক্রবর্ত্তী

সাত সমুদ্র যদি ডুবে যায় 
অনন্ত শূন্যের গর্ভে --
নিঃসীমে যদি মিলায়ে যায় 
নগর, প্রান্তর, গিরি ;
নিঃশ্বাসের সকল বায়ু
যদি শুষে নেয় ক্রুদ্ধ সূর্যতাপ।
সীমাহীন মহাকাশে সীমাহীন সকল রাত্রি শেষে  একবার দাঁড়াও এসে পৃথিবীর প্রান্তদেশে।

একবার আকাশটাকে দেখো ,
একবার আরশিতে দেখো নিজের হৃদয়
 ভেসে ওঠে কারো মুখ ?
যুদ্ধ চাও ? ধ্বংস চাও যে ধ্বংস তোমার আমার ?

রণোন্মাদ  যুদ্ধবাজের দল ---
তোমাদের আকাশেও তো চাঁদ ওঠে ,
মাটির সবুজে খায় চুমো।
তোমাদের বাগানেও তো ফুল ফোটে। 
শুনেছ কি ঝরা ফুলের পাঁপড়িদের আর্তনাদ ?

চেয়ে দেখো একবার.... 
তোমার সন্তানদের মুখের দিকে !
চেয়ে দেখো --- ওরাও তো 
বাঁচার ঠিকানা খুঁজতে চায় ।
বারুদের ধোঁয়া মেঘ ফুঁড়ে  উড়তে চায়।
ধরতে চায়... 
একমুঠো আলোর আকাশ।
একমুঠো শান্ত রোদ।

কবি জসীম মাহমুদের কবিতা




মুড
জসীম মাহমুদ

সব গাছের মুড সমান নয়।
যে গাছের মুড ভালো
তার সাথেই  ভাব আমার।

পাতাঝরা লিপির বেদনায়
যে বৃক্ষ লেখে বিরহীপত্র
তারেই করি আমি
গৃহের নিত্যকার   শয়নসঙ্গি

সৌখিন আসবাবপত্রের  আলিঙ্গনে !

২২ মার্চ ২০২২

শামীমা আহমেদ ধারাবাহিক উপন্যাস পর্ব ৭৪




ধারাবাহিক উপন্যাস


শায়লা শিহাব কথন 
অলিখিত শর্ত (পর্ব ৭৪)
শামীমা আহমেদ 



শায়লার স্বামী নোমা
ন সাহেব কানাডা থেকে খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন।তার  আসতে হাতে গুনে আর মাত্র তিনদিন বাকী। প্রতিরাতেই তিনি নিয়ম করে শায়লাকে কল দিয়ে যাচ্ছেন। শায়লা তা ইচ্ছা অনিচ্ছায় রিসিভ করছে।
বাংলা ইংরেজির মিশ্রণে কথাগুলো শুনতে শুনতে শায়লা অভ্যস্ত হয়ে যাচ্ছে। নোমান সাহেব  শায়লার জন্য, শায়লার পরিবারের সবার জন্য অনেক শপিং করেছেন। ভিডিও কলে তা দেখাতে চাচ্ছেন।কিন্তু শায়লা  নিজেকে নীরব রেখে শুধু ওপ্রান্তের সব কথা  শুনে যাচ্ছে।একেবারেই ভিডিও কলে কোন আগ্রহ দেখাচ্ছে না কিন্তু দিনে দিনে নোমান সাহেবের শায়লাকে জানার আগ্রহ বাড়ছেই।তবে শায়লা নিজেকে একেবারে শামুকের খোলসে গুটিয়ে রেখেছে।কিছুতেই শিহাবের বেষ্টনী থেকে সে বেরুতে চাইছে না।শিহাবের আবেশ আবেগ তাকে প্রচন্ডভাবে ঘিরে রয়েছে। শায়লা শিহাবকে ছাড়া তার বাকি জীবন ভাবতে পারছে না।মনে মনে সে বহুবার শিহাবের ঘরে ঘুরে এসেছে। শিহাবের সাথে কাটানো সময়গুলো চোখ বন্ধ করলেই যেন ছুঁয়ে দেখতে পারছে।গতরাতে শিহাবের কথাগুলোতে শিহাব তার মনোভাব খুবই স্পষ্ট করে জানিয়েছে। শায়লাকে তার নিজের করে পাওয়ায় সে যেন একটা সহজ সমাধান বাৎলে দিয়েছে। ওদিকে নোমান সাহেব ক্রমাগত  কানাডার উন্নত  জীবনযাপনের কথা বলে শায়লাকে সুন্দর জীবনের প্রত্যাশা দিচ্ছে। শায়লাকে নিয়ে সে আবার নতুন করে জীবন শুরু করতে চায়।তার বিদেশীনি বউ পামেলা দুটি সন্তান রেখে 
তার বয়ফ্রেন্ডএর সাথে চলে গেছে।এরপর থেকে নোমান সাহেব আর কোন নারীর প্রতি আস্থা রাখতে পারছিল না।যদিও শায়লাকে বিয়ে করেছিল শুধু সন্তানদের কথা ভেবে কিন্তু এখন তিনি বেশ বুঝতে পারছেন ঘর বাঁধতে হলে দুটি মনের বন্ধন ভীষণ জরুরী। আর আমাদের বাঙালি মেয়েরা নিজেদের অনেককিছু বিসর্জন দিয়ে হলেও সংসার সন্তানের জন্য জীবন কাটিয়ে দেয়।এজন্যই নোমান সাহেব শায়লাকে নিজের কাছে নিতে আর দেরি করতে চাইছেন না। নোমান সাহেবের মনের এই পরিবর্তন এখন শায়লাকে দ্বিধাদ্বন্দের মাঝে ফেলেছে। শায়লা বুঝতে পারছে না শিহাবের প্রতি তার ভালবাসা আর নিজের পরিবারের মান সম্মান রক্ষা করা যেন দুটি বিপরীতমুখী অবস্থান নিয়েছে। 
বাসায় আত্মীয়স্বজনেরা আসতে শুরু করেছে।শায়লার বিয়ের আনন্দ যেন এবার সবাই নিতে চাইছে। শায়লার কাজিনরা নানান রকম পরিকল্পনা করছে।তারা ছাদে গায়ে হলুদের আয়োজন করবে।গান নাচ করে আনন্দ করবে।বাসা বাড়িতে চলছে ঘষা মাজা।ঘরে নতুন জামাইয়ের আগমনে উপরে নিচে একেবারে সাজ সাজ রব চলছে!রুহি খালা যারপরনাই বিজয়ের আনন্দে একতালা দোতলা করছে তবে আড়চোখে ঠিকই শায়লার খেয়াল রাখছে।শায়লার গতিবিধি মনিটর করছে।যেন বিশাল এক দ্বায়িত্ব তার কাঁধে। সবাইকে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে শায়লাকে নজরবন্দী রাখতে।শায়লার মা আর রুহি খালা নানান পিঠা পুলি তৈরির প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।কাজের বুয়ার কাজের উৎসাহ বহুগুণ বেড়ে গেছে।সে বিদেশি জামাইয়ের কাছ থেকে মোটা বখশিশ চাইবে বলে ঠিক করে রেখেছে।রাহাত চাইছে যে কয়দিন জামাই থাকবে বাড়িতে লাইটিং করা হবে যেন এলাকার মানুষ বুঝতে পারে এই বাড়ির বড় মেয়ের বিয়ে হচ্ছে।রাহাত সারাক্ষণ ঘরের খুঁটিনাটি সারাই করছে। সবাই বিনা কারণেই হৈ হৈ করে কথা বলে বিয়ে বাড়ির আবহ আনতে চাইছে।
নতুন জামাইয়ের জন্য শেরওয়ানী, নাগড়া, পাগড়ি কেনা হয়েছে। সাথে আরো আনুসাঙ্গিক এক সুটকেস বোঝাই দেশি কাপড়।শায়লাকে বলা হচ্ছে অনলাইনে শাড়ি অর্ডার করতে।এখন মার্কেটে যাওয়ার একদম সময় নেই।ইচ্ছে করেই এসব কেনাকাটা শায়লার ঘরে রাখছে যেন শায়লা শিহাবের সিদ্ধান্ত থেকে সরে আসে।সে বুঝতে পারে বাড়ির সবাই কী চাইছে। এজন্য নায়লাকেও জানানো হয়েছে যেন তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে উপস্থিত থাকে। 
শায়লা সবকিছুই দেখছে।
অথচ শায়লা নিজেই এখনো কোন সিদ্ধান্তে স্থির হতে পারছে না। শিহাবকে ছাড়া সে কিছু ভাবতে পারছে না। দেড় বছর আগে বিয়ের সময় ও তার পরবর্তী কয়েকটা দিন নোমান সাহেবের সাথে শায়লা হাতে গোণা কয়েকটি  কথা হয়েছে।একবিন্দু কাছে ঘেষা হয়নি।কিন্তু শায়লা শিহাবের  যতটা নিবিড় সান্নিধ্যে গেছে অথচ স্বামী হয়েও নোমান সাহেব শায়লাকে অতটা কাছে ডাকেনি।তাইতো শিহাবের স্পর্শই তার কাঙ্খিত। সে ভাবতে পারছে না কিভাবে সেই অচেনা মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দিবে। শায়লার ভেতরের অস্থিরতাটা বাইরে কেউ বুঝতে পারছে না।সকাল হয়েছে।শায়লা বিছানা না ছেড়েই জানালায় তাকিয়ে এমনি শত ভাবনায় ডুবে আছে।খুব ইচ্ছে করছে শিহাবের কণ্ঠস্বরটা শুনতে। কিন্তু এত সকালে সে কি জেগেছে? কিন্তু সেদিন শায়লাকে দেখার জন্যতো ঠিকই চলে এসেছিল।এখন শায়লারও তেমনি ইচ্ছে হচ্ছে।এক ছুটে শিহাবের কাছে গিয়ে তার ঘুম ভাঙাতে।বারান্দায় বসে দুজনে একসাথে চা খেতে ইচ্ছে করছে।শায়লা বুঝতে পারছে না কেমন করে সে শিহাবকে তার মন থেকে সরাবে,নোমান সাহেবকে আপন করবে।শায়লা যেন ভেতর থেকে শক্তি পেলো।নিজে নিজেই বলে উঠলো, না, যে করেই হউক আমি শিহাবের কাছেই চলে যাবো।পৃথিবীর সবকিছু উলটে যাক,শিহাবকেই সে জীবন সঙ্গী করবে। শায়লা মোবাইল হাতে নিয়ে শিহাবকে কল করতে চাইলো।শিহাব অফলাইন হয়ে আছে। শায়লা শিহাবের মোবাইল নম্বরে কল দিলো।রিং হতে লাগল।

রিশতিনা ঘুম থেকে জেগে সরাসরি ড্রইং রুমে চলে গেলো।শিহাব সোফায় গুটিশুটি হয়ে গভীর ঘুমে আছে। ঘুমন্ত শিহাবকে দেখে রিশতিনার খুব মায়া হলো।সে ভেবে নিলো,তার জন্যই আজ শিহাবের জীবনটা এলোমেলো হয়ে গেছে। কেমন বিষন্ন মুখে ঘুমিয়ে আছে। পাশে টেবিলে এস্ট্রেতে সিগারেট ফিল্টার উপচে পড়ছে। রিশতিনা সেটা নিয়ে কিচেনে গিয়ে ক্লিন করে নিলো।রিশতিনা  প্রতিদিন সকালে সুগারফ্রি একমগ গ্রীন টি নিয়ে টিভির সামনে বসে।আজ টিভি দেখতে মন চাইছে না। সে আভেনে একমগ পানি গরম করে গ্রীন টি ব্যাগটা ডুবিয়ে ঘরের জানালার পর্দা সরিয়ে মানুষের চলাচল দেখতে লাগলো। হঠাৎই শিহাবের ফোনে কল এলো।শিহাব গভীর ঘুমে অচেতন হয়ে আছে। শায়লা এগিয়ে গেলো। মোবাইল স্ক্রিনে ইংরেজিতে  শায়লার
নাম ভেসে উঠেছে। রিশতিনা বুঝতে পারছে না কাল রাতে শিহাবের মেসেঞ্জারে কল এলো মায়া নামে আবার এখন শায়লা নামে।দুজনই কি এক জনই? নাকি ভিন্ন দুইজন! 
না,শিহাব শায়লাকে মায়া নামে ডাকে? রিশতিনার ভাবনায় মোবাইল রিং চলছেই।শিহাবের তাতে এতটুকুও নড়াচড়া নেই। খুবই কৌতুহলবশত রিশতিনা কলটি রিসিভ করলো।


চলবে....

কবি মিতা নূর এর কবিতা




কেউ ডাকবে না 
 মিতা নূর 

অলস দুপুর আমার মুক্তির পথ খুঁজে 
নিরুপায় জীবন আমার একাকীত্বে গুমরে কাঁদে, 
এইযে উঠোন ভর্তি জ্বলন্ত রোদ,
 বুকের চাপা কান্নার অদৃশ্য প্রাচীর। 
পাশেই একটুকরো বারান্দা,
এই  ইট-পাথরের রাজ্যে চাপা পড়ে আছে।
কতো অভিমান,  অপূর্ণ চাওয়া!
অভিযোগ গুলোও  চোখের নালিশে ক্ষয় হতে-হতে,
শুকনো কংক্রিটে আজ  আবদ্ধ!
বুকের গভীরে একটু একটু করে জমিয়ে রাখা কষ্ট গুলো আকাশ ছুঁয়েছে,
তারই কিছু দুঃখ তোমাদের কাছে রেখে!
আজ নীরবে চলে যাচ্ছি কোনো অজানায়, একা।
জানি, অভিমান ভাঙা ছলে কেউ ডাকবে না। 
আর- মিথ্যে আশা করিও না !! 

কবি রুবি রায় এর কবিতা





দেবীর তরফ থেকে

মেঘেদের কোনো নাওয়া-খাওয়া নেই
শুধু ভেসে যায় কালশিটে অভিজ্ঞতা নিয়ে

টুটুল তুমি বেঁচে থাকতে পারে

আঠালো লালারস কীভাবে রেইড দিয়ে
যায়, একটি অকৃপণ ন্যাড়া পেটে
তা শুধু জানে রূপালি পক্ষেরা

তুমি ওর সাথে কালের মতো জড়িয়ে থাকলে না কেন ?

আমিও মেঘ হব, চিন্তা মুক্ত সেই মেঘ 
যে বিদ্যুৎ বুকে জড়িয়ে ঝরে পড়তে জানে
বিপরীতে হাই রেটিংযুক্ত রোমান্টিক গান
       ভিজুক টালির ঘরগুলো 
      ট্রামলাইনের ধার ধরে হেটে যাওয়া 
      দুটো মানুষের মাঝে ঝরব নগ্ন-মৌলিক হয়ে 

গণতান্ত্রিক ট্রুটি-ফ্রুটি আইসক্রিম বুঝুক ঠোটের গৌণ ভাটা
      অচেনা ঠিকানায় ফানুস খুঁজছে 
হাত ।

                 

কবি বিধানেন্দু পুরকাইত এর কবিতা




ভাষার জন্য
বিধানেন্দু পুরকাইত

একটা ভাষা মানানসই
জন্মক্ষণে পাওয়া
বুকের ভেতর হাপর চলে
জাপটে ধরে মায়া। 

জীবন গেল যাদের - তাদের
যেখানে হোক বাড়ি
বাংলা ভাষা বিশ্বজনীন
একুশে ফেব্রুয়ারি। 

রক্ত গেল বুকের থেকে
হিন্দু বা মুসলিম
বাঙালীরা শহীদ হলো
সেটাই বড় ঋণ। 

কাঁটাতারের নকল বেড়া
মানছে না আবেগ
ভাষা দিবস তোমার আমার
পবিত্র সন্দশ।