২৬ আগস্ট ২০২১

মিতা নুর



 এক টুকরো নিশ্চুপ পাথর

                      

কি সুখ পেলে তুমি এমন করে...?

আমি যে প্রতি মুহূর্তে পুড়ে ছাই হচ্ছি তোমার জন্য, 

তবুও কোনোদিন তোমাকে অভিশাপ দেবোনা। 

আমার প্রাণের ঘরে যে আগুন তুমি  জ্বালিয়ে দিলে! 

ঐ আগুনে পুড়ে ছারখার হচ্ছে আমার কলিজা,

যে কলিজায় তোমায় রেখেছি.....! 


আমার খুব  ইচ্ছে ছিল ! 

তোমার আমার  স্বপ্নে  ঘেরা সংসার হবে, 

সেখানে থাকবে ভালোবাসা পরিপূর্ণ... 

আমার অধিক বিলাসিতার  ইচ্ছে ছিলো না,  

ছিলো না টাকা পয়সার লোভ,

আমি চেয়েছিলাম ভালোবেসে সুখী হতে।


আজ সব আবেগের  কৌটা বন্ধ ঘরে  আটক হলো, 

ভালোবাসা   জানালা দিয়ে পালিয়ে গেল, 

আজ নিজেকে মনে হচ্ছে.... 

যেন হাজারো অভিযোগের ভীড়ে,আমি'

এক টুকরো নিশ্চুপ পাথর !!

উম্মে হাবীবা আফরোজা




প্রতীপদর্শিনী



নির্ভরতার আশ্রয়ে, 

বিভীষিকাময় তপ্ত হৃদয়ে,

সভ্যতার শৃঙ্খলে, বিমূর্ত এক নাম "নারী"


ধ্বংসস্তপের মিছিলে, 

ছেঁড়া মানচিত্রের বীরাঙ্গনা বেশে,

কখনো তমু,কখনো বা নুসরাতের পাঁজর ভাঙ্গা আর্তনাদে

অভিমানি এক প্রতিচ্ছবির নাম " নারী"


প্রত্যাখানের বিষাদ অনুরাগে,

ব্যাকরণের জটিল সমীকরণে,

হত্যাযজ্ঞের তান্ডবলীলায়, ঘাত-প্রতিঘাতের

বিচূর্ণ এক নাম "নারী"


অসীম ব্যবধানে, সংকটের কংক্রিটে,

মূমুর্ষু শহরের নাগরিক কোলাহলে,


পুতুলরুপী আলোকসজ্জার নাম "নারী"।


মিথ্যামায়াজালের গার্হস্থ্যনীতিতে,

অবহেলিত কঙ্কাল মূর্তি

অবয়বের আরেক নাম"নারী। 


তীব্র দহনে দগ্ধ হয়েও যে জ্বলে উঠেছো দীপ্ত আহ্বানে,

পুষ্পিত ভালোবাসায় সিক্ত ও ত্যাগের মহীমায় আলোকিত করেছো এই জগৎ সংসার,,,,

সেই হলো মহীয়সী এক নারী।


সমস্ত ব্যবধান  ভোলে আজ

প্রজন্ম হোক সমতার,অধিকার পাক সমস্ত প্রতীপদর্শিনী।

নাসিমা জোহা চৌধুরী


উৎকণ্ঠা 

 

প্রিয়তম,

মরুগোলাপ পামিরা পাঁপড়িশূন্য হয়ে — 

মরাডালে লটকে আছে, 

প্রজাপতিরা আজ পামিরা বিমুখ! 

তুমিও কি পামিরার ভাগ্যবরন করতে যাচ্ছো?


পামিরার পাখিরা ফেরেনি আর ;

তুমিও কি পাখিশূন্য হতে যাচ্ছো? 


বাজপাখি উড়ছে চক্রাকারে —

সোল্লাসে মেতে ওঠে শকুন, শেয়াল। 


বিহ্বল চিত্তে দিকবিদিক ছুটা হরিণশাবকের মতো ;

তুমিও কি কেবল হারাচ্ছো পথ?


প্রিয়তম, 

'সময় গেলেে সাধন হয় না '

মাসুদ করিম




ইতি 


  আর নয় অপেক্ষা

নয় পথ চেয়ে থাকা,

        আর নয় ভালোবাসা

        নয় মিছে স্বপ্ন দেখা।

আর নয় প্রেমের কথা

নয় কোন মিছে আশা।

        আর নয় রাত জাগা

        নয় নিরবে অশ্রু ঝরা,

আর নয় কবিতা

নয় কোন গান শুনা।

        আর নয় কাছে আশা

        নয় আর ছবি আঁকা,

ইতি টানলাম আজি

হলাম শুন্য সব ঝেড়ে।

        মিছে সব প্রেম,

        মিছে ভালোবাসা।

মোহাম্মাদ আবুহোসেন সেখ




গোলাপি মানুষ

  


হে ত্রিভুবনের মানুষ 

ভাবিয়া করছোটা কি!

দাঁড়িয়ে যাও একটু খানি

দাঁড়িয়ে আছো যে ত্রিভুবনে।

ভাববার সময় কি নি,তাকে নিয়ে,

কি অপরাধ এই ত্রিভুবনের!

ভাববার সময় কি নি তাকে নিয়ে?

জীবনকে গড়ে তুলুন

গোলাপের মতো সৌন্দর্য করে।।


মমতা রায় চৌধুরী'র


 

গল্প

'পরশপাথর'

( পবিত্র শিক্ষক দিবস উপলক্ষে লেখা )

আজ দিশার মনটা চৈত্র মাসের মাটির মতো বুকফাটা চৌচির হয়ে গেছে। সে ভাবতে পারে নি তার সাথে এমনটি  হবে। আজকের দিনটা এমনিতেই দিশার কাছে ছিল খুবই স্পেশাল। আজ ৫ ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। পবিত্র শিক্ষক দিবস। ভুলবেই বা কি করে? আজ তার জীবনে যা কিছু সবকিছুর মূলে রয়েছে তার সেই প্রাণপ্রিয়া শিক্ষিকার হাত। ছোটবেলায় মাকে হারিয়ে দিশা মাতৃত্বের স্বাদ খুঁজে পেয়েছে তার শিক্ষিকার মধ্যে।

নিম্নবিত্ত পরিবারের মেয়ে তার বাবা মেধাবী মেয়েটির পড়াশোনার জন্য খুবই আগ্রহী কিন্তু যখন ক্লাস ফাইভে পড়ে তখনই তার বাবা মারা যায়। জেঠিমা জ্যাঠামশাই এর দয়া-দাক্ষিণ্যে লাথি-ঝাটা খেয়ে সে বড় হতে থাকে। তাই যেদিন অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য বিদ্যালয়ে আসে তখন তার কাছে বেশি টাকা ছিল না। জ্যাঠামশাই বলেছিলেন স্কুল কর্তৃপক্ষ যদি কিছু কম করেন তাহলে মেয়েটি পড়াশোনা করতে পারে।  ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষিকারা শুনে বললেন -'পুরো টাকা না দিতে পারলে তো ভর্তি নেয়া যাবে না। তাছাড়া আজ বড়দি আসেন নি। তাই ভর্তি নেয়া হবে না। 'কথা শুনে জ্যাঠামশাই বলেন গরিব মানুষ একদিন কাজ না করতে পারলে আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়।  কাজ কামাই করে ভর্তি করতে... একটু মানবিকতার সঙ্গে দেখলে ভালো হতো।এই কথাবার্তা চলার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন মন্দিরা দিদিমনি। তিনি ব্যাপারটা শুনে বললেন 'আজই ভর্তি হবে দিশা। টাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না ।আমি দেবো টাকা'। মন্দিরা দিদিমনির কথায় দিশার জ্যাঠামশাই ভর্তি প্রক্রিয়া চলাকালীন দিদিমণিদের কাছে গেলে ,তারা বললেন আজকে ভর্তি নেয়া যাবে না  আজকে সময়  শেষ।' অনেক অনুরোধ করা সত্ত্বেও ভর্তি করানো গেল না। তখন দিশা কাঁদতে লাগলো। কিন্তু চোখের জলে দিদিমণিদের মন গলল না। পরের দিন ভর্তি প্রক্রিয়া শুরু হলে দেখা গেল দিশা ভর্তি হতে আসে নি। তাতে কিন্তু অন্য দিদিমণিদের কোনো হেলদোল নেই।মন্দিরা দিদিমণি  সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখেন অসুস্থ। প্রচন্ড জ্বর। আর সেই দিনই ছিল লাস্ট ভর্তি প্রক্রিয়া। দিশা তখন মন্দিরা দিদিমণিকে দেখে কেঁদে কেঁদে বলতে লাগল সে কি আর পড়াশোনা করতে পারবে না? মন্দিরা দিদিমণি  আশ্বাস দিলেন নিশ্চয়ই পারবে। লেখাপড়ার প্রতি যার এত আগ্রহ, তাকে কি কখনো দমিয়ে রাখা যায়? আমি তোমার ভর্তির ব্যবস্থা করব। যথারীতি ভর্তি হয়ে গেল। ক্লাস শুরু হয়ে গেল। মন্দিরা মাঝে মাঝে দেরি করে আসতো। এবার সেটা যেন নিয়মে দাঁড়িয়ে গেল। এর জন্য তাকে শাস্তি পেতে হতো। কিন্তু ক্লাসটিচার তার মনের খবর কখনো নেন নি। তার এই মনোভাবের জন্য অন্যান্য ছাত্রীরা তাকে নিয়ে হাসাহাসি করত ,বিদ্রুপ করত। সে সবসময় ক্লাসে ভয়ে ভয়ে থাকত। কেউ তার সঙ্গে কোনো কথা বলত না, নোট শেয়ার করত না। এমনিতেই স্কুলটি ছিল বড়লোক শ্রেণীর মেয়েদের জন্য।স্বাভাবিকভাবেই মেয়েটির রেজাল্টের জন্য সেই বিদ্যালযয়ে স্থান পেয়েছিল। কিন্তু মনের কথাগুলো কখনো কারও সঙ্গে শেয়ার করতে পারত না। এরই মধ্যে ক্লাস টিচার চেঞ্জ হয়ে মন্দিরা দিদিমনি হলেন। দিশার চোখে খুশির বিজলি খেলে গেল। ক্লাস শেষে দিশার কাছ থেকে দিশার দেরি করে আসার সমস্ত খবর জানলেন যে বাড়ির সমস্ত কাজ করে তাকে আসতে হয়। মন্দিরা দিদিমনি ব্যাপারটা বুঝতে পারলেন ।কিন্তু সঙ্গে সঙ্গে এও বললেন -'বিদ্যালয়ের তো একটা নিয়ম আছে তোমাকে কিন্তু এই টাইমের মধ্যে ঢুকতে হবে ,সেটা খেয়াল রেখো। আর পড়াশোনা কিন্তু ঠিক করে করতে হবে ।তোমার উপর আমার অনেক আস্থা আছে।তবে তুমি কোন কিছু গোপন করবে না ।তোমার যা কিছু মনে আসে তুমি আমার সঙ্গে শেয়ার ক'রো। প্রথমে মন্দিরা দিদিমণিকে গম্ভীর ,রাশভারী বলেই মনে হতো। কিন্তু তাঁর মনের ভেতরে যে একটা খুব সুন্দর স্নেহমাখা হৃদয় আছে ,সেটা দিশা মন্দিরা দিদিমণির সঙ্গে মিশেই বুঝতে পেরেছিল। ইতিমধ্যে বিদ্যালয়ের শিক্ষক দিবস উপলক্ষে নানা রকম অনুষ্ঠানের আয়োজন হচ্ছে।তাদের ক্লাস থেকেও অংশগ্রহণের জন্য বেছে বেছে নাম নেয়া হয়েছে কিন্তু দিশা হাত তুললেও তাকে নেয়া হয়নি ।আসলে তারা ভাবতেই পারে নি যে ,দিশার ভেতরে কোনো সম্ভাবনা থাকতে পারে। অন্যরা টিপ্পনী কাটে -তুই কি করবি রে ,তোর ভেতরে কি এমন আছে, না পারিস আঁকতে , না পারিস গান করতে? দিশা শুধু চোখের জল ফেলে।অবশেষে শিক্ষক দিবসের দিন নিজের হাতে একটা সুন্দর কবিতা আর ছবি তার প্রিয় দিদিমনিকে উপহার দিল। প্রত্যেকের সুন্দর সুন্দর উপহারের মাঝে তার উপহারটা অত জমকালো নয় ।তাই সে একটু ইতস্তত করছিল। কিন্তু মন্দির দিদিমণি সাহস করে তাকে বললেন -'তুমি কি কিছু বলতে চাও'? মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তখন সে নিজের হাতে লেখা কবিতা আর একটা ছবি দিদিমণিকে দেয়। কবিতার ভিতর এত সুন্দর ছন্দ আর ভাব নিয়ে তার দিদিমণিকে সম্মানপ্রদর্শন করেছে ,প্রত্যেকে দেখে অবাক হয়ে গেছে। ঐদিন মন্দিরা দিদিমনি দুটো বই তাকে উপহার দিলেন আশীর্বাদ হিসেবে।এরপর আসলো সেই মাহেন্দ্রক্ষণ বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ।তাতে দেখা গেল দিশা প্রথম স্থান অধিকার করেছে স্বাভাবিকভাবেই আস্তে আস্তে সে নিজের জায়গাটা বুঝিয়ে দিতে  পারল। আর এটা সম্ভব হয়েছে তার মন্দিরা দিদিমনির জন্য। যখন সে ১২ক্লাস পরীক্ষা দেয়, তখন মন্দিরা দিদিমণি বলেছিলেন কোন প্রলোভনে পা দেবে না ,তোমাকে আত্মনির্ভরশীল হতেই হবে ।আমি রবি ঠাকুরের আর স্বামী বিবেকানন্দের যে দুটো বই তোমাকে দিয়েছিলাম। যত দুঃখ, বাধা-বিঘ্ন আসুক না কেন ,এই বই দুটো তোমাকে সাহস যোগাবে। আর তুমি তোমার লেখা ছেড়ো না ।তোমার ভেতরে একটা অন্য প্রতিভা লুকিয়ে আছে।তারপর যতবার শিক্ষক দিবস  এসেছে ততবার শিক্ষিকার পরম আশীর্বাদ স্বরূপ বই দুটি তার চোখের সামনে রেখে তাকে শ্রদ্ধা জানিয়েছে। এরপর সে নিজেও একজন শিক্ষিকা হয়েছে ,বিয়ে হয়েছে, ঘর-সংসার হয়েছে। কিন্তু সংসারের যাঁতাকলে তার লেখনি সত্তা হারিয়ে যেতে বসেছে। সারাদিন স্কুলে পরিশ্রম করে এসে বাড়িতে তাকে খাটতে হতো হাড়ভাঙ্গা খাটুনি। তার অন্যান্য জায়েরা সব বড়লোক বাড়ির মেয়ে ।তাই তাদের সমাদর হয়েছে ।কিন্তু দিশা গরীব ঘরের মেয়ে তার সম্বল শুধু তার চাকরিটুকু ।তারা ভালোবেসে বিয়ে করেছে। তাই বড়লোক বাড়িতে এসে জায়গা পেয়েছে। নইলে নাকি আরো সুন্দর মেয়ে এবাড়ির ছোট ছেলের বউ হতে পারত। এরকম টিপ্পনী তাকে মাঝেমাঝে শুনতে হয়। কিন্তু তাই বলে বইপোকা দিশা কখনো ভাবতে পারিনি তার সঙ্গে এরকম একটা ঘটতে পারে। আগামীকাল শিক্ষক দিবস ।তাই ছুটির দিন রবিবার হওয়াতে সে তার শিক্ষিকার বই দুটি আলমারি থেকে বের করে আর একবার স্নেহ স্পর্শ পেতে চায় আর মনের দিক থেকে আরো একবার আত্মবিশ্বাস খুঁজে পাবার চেষ্টা করে। কিন্তু কি সর্বনাশ বইগুলোকে উইপোকা কেটে দিয়েছে। তার জীবনে অনেক ঝড় বয়ে গেছে কিন্তু এই ঝড় যেন তার অস্তিত্বকে কেড়ে নিতে চেয়েছে। কিন্তু সে বুঝে উঠতে পারে না তার ঘরে উইপোকাটা আসলো কি করে? পরে অবশ্য বই খুঁজতে খুঁজতে দেখতে পায়, একটা অজানা বই । এই বইটা তো সে রাখেনি তার আলমারিতে।সেই বইয়ের ভেতরে ছিল উইপোকা আর তা থেকেই তার সমস্ত বইগুলোকে কেটেছে। এবং এর পেছনে তার জায়েদের হাত সে কথাও সে জানতে পেরেছে। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে তো কিছু চায় নি ।এবাড়িতে তো সবকিছু মুখ বুঝে সহ্য করছে। যদিও তার স্বামী বলেছিল তারা আলাদা হয়ে যাবে। কিন্তু দিশা সেটা চায়নি। সে ভেবেছিল এ বাড়িতে এসে সে নতুন করে তার শাশুড়ি মাকে মা হিসেবে পাবে। আর জায়েদের ভালোবাসা সে পাবে। সেই জন্য সে হেরে যেতে চায়নি। কারণ তার শিক্ষিকা বারবার বলেছেন জীবন থেকে পালিয়ে গিয়ে কোন কিছুর সমাধান করা যায় না। সব সময় সংগ্রাম করে টিকে থাকতে হয়। ধৈর্য ধরতে হয়। সারাদিন দিশা কিছু খাবার খায়নি।  অন্য জায়েরা টিপ্পনী কাটছে, সামান্য বইয়ের জন্য কেঁদে একদম ভাসাচ্ছে, না জানি কি জীবনে ঘটে গেছে। তার স্বামী তাকে বোঝানোর চেষ্টা করছে আবার সে তাকে দুটো বই কিনে এনে দেবে।কিন্তু কোনো কিছুতেই সে সান্ত্বনা খুঁজে পাচ্ছে না। বই হয়তো পাবে কিন্তু সেই পরম আশীর্বাদ স্নেহের পরশ সে কোথায় পাবে? যে পরশ পাথরে হাত দিলে সব কিছুই সোনা হয়ে যায়।পরের দিন ৫ ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এবং তার প্রিয় শিক্ষিকা মন্দিরা দিদিমনির ছবির সামনে জলভরা চোখে পুষ্প অর্পণ করে আর বলে সে যেন সবকিছু কাটিয়ে উঠতে পারে। সেই শক্তি যেন ফিরে পায়। ইতিমধ্যেই পোস্টম্যান এসে একটি পার্সেল দিয়ে যায়। পার্সেলটা খুলতেই দেখতে পায় তার সেই প্রিয় দিদিমণি দুটো বই পাঠিয়েছেন। শিক্ষক দিবসে এইরকম একটি পাওনা সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিল এবং সে পরম আদরে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো । আর আজকের দিনে যেন তার সেই পরম শ্রদ্ধেয়া দিদিমণির সঙ্গে কথা বলতে ইচ্ছে করলো ।বইয়ে লেখা ছিল -'স্নেহের দিশা, এই বই দুটো যখন তোমার হাতে যাবে ,হয়তো আমি তখন তোমার থেকে অনেক দূরে থাকবো ।কিন্তু আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় থাকবে, ভালো থেকো।' দিশা পুরোনো ডায়েরি খুলে ফোন নম্বরটা খুঁজে তাতে রিং করল। ফোনের ওপার থেকে অজানা একটি কন্ঠস্বর ভেসে এলো ' উনি অসুস্থ,ব্লাড ক্যান্সারে আক্রান্ত ।হসপিটালাইজড। 'দিশা দেরি না করে হসপিটালের ঠিকানা যোগাড় করে দিদিমণিকে দেখতে গেলে ভিজিটিং আওার শেষ হয়ে যাওয়াতে সে দিন দেখা হয় না। পরের দিন ভিজিটিং আওয়ার শেষ হবার  ১৫মিনিট আগে পৌঁছে গেল দিশা। সঙ্গে কিছু সুন্দর রজনীগন্ধার ফুল । দিদিমনির খুব প্রিয় ছিল।সেখানে পৌঁছাতে শোনা গেল যে দিদিমণি নীরবে, নিঃশব্দে ভরা নদী থেকে নৌকা খুলে যেমন যায়, ঠিক তেমনি ভাবে জীবন পারাপারের তির অতিক্রম করে পৌঁছে গেছেন অমৃতলোকে। ১০ নম্বর বেডের দিকে তাকিয়ে দিশা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো আর ভাবতে থাকলো হয়তো এরকম করে একদিন তাকে চলে যেতে হবে।একজন নার্স এসে তার চেতনা ফেরায় ,বললেন -'আপনি কি কেউ হন? ভালোই করেছেন মৃতের পাশে প্রথম আপনিই ফুল রেখেছেন। সেভাবে তো কেউ আর শেষের দিকে দেখতে আসতেন না বাড়ি থেকে। একজনার নাম বার করে বলছিলেন দিশা দিশা..। আপনি দিশা?' আমি ওনার ছাত্রী। ও আচ্ছা। একজন শিক্ষিকা এতটা ছাত্রীদরদী হতে পারেন । উনার মুখ থেকে বারবার শুনেছি। এবার দিশা যেন  দিশাহারা হচ্ছে। এভাবে আর কজন দিশা কে বুঝতে পারবে? যার পরশে সব কিছুই সোনা হয়ে যায়। কতদিন সে না খেয়ে থেকেছে, আর ঠিক সেই সময় দিদিমণি এসে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে খাইয়েছেন। দিদিমণি কি অন্তর্যামী ছিলেন, তার সমস্ত দুঃখ কষ্টের কথা কিভাবে বুঝবেন আর সঙ্গে সঙ্গে তার কাছে হাজির হয়ে যেতেন?আজ আর ভাবতে পারছে না দিশা। পায়ের তলার মাটি সরে যাচ্ছে তার মনে হলো। কাকে আঁকড়ে ধরে বেড়ে উঠবে দিশা। কে এমন করে তাকে আগলে রাখবেন। অথচ এই দিদিমনির সংকটময় অবস্থায় সে একটিবারও তার কাছে থাকতে পারে নি ।এটা তার জীবনের সব থেকে কষ্টের আর দুর্ভাগ্যের। দিদিমণি অবিবাহিত ছিলেন শেষ জীবনটা নিঃসঙ্গতার মধ্যে দিয়ে কেটেছে, এটা ভেবেই সে ডুকরে ডুকরে কেঁদে উঠল।আর ভাবলো হয়তো একদিন তারও পাশে প্রাণহীন বালিশের নিচে এরকমই কেউ অজানা ,অচেনা পুষ্পস্তবক রেখে যাবে। দিদিমণিকে শেষ শ্রদ্ধা জানিয়ে সে বাড়ি ফিরে আসলো। তার জন্য অপেক্ষা করছিল তার কচিকাঁচা শিক্ষার্থীরা। তারা তাদের প্রিয় দিদিমণিকে শিক্ষক দিবসের শ্রদ্ধা ,ভালোবাসা উজার করে দিল। তবুও দিদিমনির চোখের জল দেখে কচিকাঁচাদের মধ্যে একজন বলে উঠল -'আপনি কাঁদছেন?'তাকে জড়িয়ে ধরে মন্দিরা বলল -'আমার পরশপাথর হারিয়ে গেল।'

২৫ আগস্ট ২০২১

সিদ্ধান্ত খুকু




চেতাবনী ফাঁদ



দূরের পাহাড় আমায় ডাকছে আবার--

চলো যাই আকাশের উচ্চতায়,

কুয়াশার মতো মেঘ যেন ছুঁয়ে যায় চোখের পাতায় !

চারপাশে বৃষ্টিস্নাত সবুজের হাতছানি,

সময়ের বাঁশি বাজে চিরচেনা সুরে !

ভয় হয়---বেঁচে ফেরা হবে তো আবার ?

জানো তো , ঘর পোড়া গরু সিঁদুরে মেঘেও ডরায় !

ঝরনার উচ্ছলতা বিবাগী মন ছুঁয়ে দেয়,

ভাসিয়ে নিয়ে যাবে কোন সুখের মোহনায় !

তবুও আশায় বাঁচি--

সব প্রেমে তো আর তঞ্চকতা নেই !

দুচোখ স্বপন; ঢাকাই শাড়ি ললাটে সূর্য !

ফারজানা আফরোজ




ক্ষনিকের অতিথি


সৃষ্টি যেন স্রষ্টার পুতুল খেলা

রাজ্যে,দেশে দুনিয়া জুড়ে

পৃথিবীর এই রঙের মেলায়

অভিনয় করি নতুন সব চিত্রনাট্যে।

নাটাই বিহীন ঘুড়ির মত উড়ছি

পৃথিবীর পথিক হয়ে হাঁটছি সবে

অনেক হেঁটেও পথগুলো যেন অচেনা।

কভু আশঙ্কায় কাটে জীবনের প্রতি ক্ষণ

নিস্তব্ধতার ছন্দে,অদ্ভূত নীরবতায়,

বাঁশরী সুর শোনা যায় সমীরনে।

অতৃপ্ত মন নিয়ে হেঁটেছি ভ্রমের পথে

জীবন পর্দায় কত যে ছবি অঙ্কিত।

হঠাৎ স্বপ্নগুলো হারিয়ে যায়

নতুন স্বপ্নে হই পুনরায় বিভোর-

তীর হারা তরীর মত ঘুরি

হঠাৎ কখনো পেয়ে যাই কিনারা।

ধূসর বর্ন  ফিরে পায় তার রং

সময় বয়ে চলে আপন ধারায়।

অতীত নীরবে বলে অচল হয়েছি আজ

ভুলে গেছে সবে আমাকে

অনেক দূরে আছি না ফেরার দেশে

এ ভূবনে সৃষ্টির আশা যাওয়া চলে বারো মাস।

আজকে যা স্মৃতি কালকে হবে তা ইতিহাস

জোয়ার ভাটার নিত্য খেলা ধরনী মাঝে

জীবনের রহস্যের চাবিকাঠি বিধাতার হাতে

আমরা হলাম ক্ষনিকের অতিথি পৃথিবীর তরে।

রায়হান চৌধুরী


 কাঠপেন্সিল



আমি তো জানি এখানে বেশিদিন নয়

মায়ার হিসাবনিকাশ, ভালোবাসার লেনদেন

মুছে যাবে সব, হবে নিঃশেষ

যেদিন আসবে জীবনের শেষ ট্রেন। 


আমি জানি আমি এখানের নয়

পথ হারিয়ে ফেলা পতিত মুসাফির,

আমাকে ফিরতে হবে শেষ ট্রেনে

যেখানে যাওয়ার কথা, যা চিরস্থির। 


যাত্রাকালে মেখে দিও সুগন্ধি পরাগ

জমা রেখো অযাচিত চোখের জল,

যে মায়া আমি পাই নি কোনোকালে

তা দেখাবে না যখন আমি নিষ্প্রাণ অচল। 


কেউ নয় আপন, কেউ নয় পর

যে আছে যেমন, যত প্রিয়জন

জীবনের গল্পে দাঁড়ি বসলে,

সব কিছু থেকে যাবে, সব কথা লেখা থাকবে

শুধু আমার স্থান হবে অন্ধকার কবর।

আহমাদ সোলায়মান




এই শহরে



এই শহরের প্রেম বাঁচে না প্রসবকালেই মৃত্যু হয়

এই শহরের অন্ধকারে রাত্রিগুলোর করুণ ভয়

এই শহরের উচু দালান হৃদয়গুলো করছে জয়

এই শহরের মানুষ যারা সবাই গভীর পরাজয়।


এই শহরের নিয়ন বাতি ঠিক হৃদয়ের অনুরূপ

এই শহরের কুকুরগুলো রাত্রি হলেও থাকে চুপ।

এই শহরের প্রেমিক বুকে স্মৃতি পঁচার গন্ধ খুব

এই শহরের ঠোঁটে ঠোঁটে পাতা আছে মৃত্যু টুপ।


এই শহরের শব্দগুলো বুক ফাঁটানো কথা কয়

এই শহরের আলো-বাতাস মহামারির বন্ধু হয়

এই শহরের অন্তরের লাশ রাস্তাঘাটে পড়ে রয়

এই শহরের রাত্রিগুলো লক্ষ তারার বন্ধু নয়।


এই শহরের এমন দশা খুব পুরনো এমন নয়

যখন তুমি বদলে গেছো তখন থেকে এমন হয়।

তরুণকুমার পাল


বিঘ্নিত সাধন 



সমীরে কুঞ্চিত কেশে তরঙ্গ খেলিছে হেমাঙ্গী রূপের ঝর্ণা কেগো তুমি নারী মায়া আঁখি আকর্ষণে ছুটে চলি পিছে হৃদয় গভীরে দাও প্রেমের সঞ্চারি,

শিফন আঁচরেস প্রায় অনাবৃতা স্তন 

বর্ষা ভেজা অঙ্গে তব সজ্জিতা ফাগুনে ভাবাবেগে চিত্ত সিক্ত জাগে উদ্দীপন 

মন চায় পুড়িবারে খুশবু আগুনে - 


কেন জাগে প্রেম মনে হয়না রোধন 

চিত্তে কেন অস্থিরতা কোথা জগন্নাথ- আত্মসাধন তবে কি হবে না শোধন,

দয়া করো ভক্তে তব দাও মরে সাথ,

অমৃত অম্বিষ্টে যেন কাটে বিঘ্ন যত-

সভক্তি রমণী প্রতি হোক মাথা নত।। 

২৩ আগস্ট ২০২১

কবি বিকাশ সরকার এর স্বরচিত কবিতা পাঠ

প্রেম ও বাস্তব জীবনের ভাত শিকারের কবির স্বরচিত কবিতা পাঠ


 আগামি ২৮ আগস্ট দেখুন এই সময়ের অন্যতম কবি বিকাশ সরকার তাঁর কন্ঠে ভেসে উঠবে অনন্য দৃষ্টান্ত। যা শিক্ষা ও জগৎ বাস্তবায়নের সবচেয়ে সুন্দর উপস্থাপন এবং কবির কবিতা প্রেমের লাবণ্যরূপ ।  কবির নিজস্বতায় স্বরচিত কবিতা পাঠ সরাসরি বাংলাকবিতা-র আসরে...




নুরুল আজিজ (বাপ্পু)




আটপৌরে প্রেমিক হতে চাই।


  আচ্ছা প্রেমিকা!!

তুমি কি আমার হৃদ-অন্তরালের  জমানো সব কথাগুলো শুনতে চাও?

যদি শুনবে বলো,

তবে শুনো বলি তোমায়।

আধুনিকতার এই বড়লোক প্রেমিকদের বাজির খেলায় এসে আমি তোমার এক হাড়কিপটে প্রেমিক হতে চাই।


রিকশায় হুডি তুলে তোমার গা ঘেঁষে বসে বিশ মিনিটের পথে শুধুশুধু ত্রিশ টাকা গচ্ছা দিয়ে প্রেমকে বিব্রত করতে চাইনা।বরং তোমার হাতে হাত রেখে পাঁচটাকার বাদাম খেতে-খেতে  নদীর পাড়ে বিরতিহীন পথ পাড়ি দিয়ে প্রেমকে তৃপ্তির সহিত আলিঙ্গন করতে চাই।


ফুটো পকেট নিয়েও তোমার সাথে  কোনো এক টঙের দোকানে অথবা নগরের সেরা কৃতিত্ব পাওয়া সেই ফোসকার দোকানে বসে আয়েস করে ফোসকা খেতে চাই নিশ্চিন্ত মনে নির্দ্বিধায়।

মস্তিষ্কের নিউরনে ঘুরপাক খাওয়া প্রশ্নদের মুখে উত্তর ছুড়ে বলতে চাই,আমার প্রেমিকা তো আছে পাশে বিল দেওয়া নিয়ে অতশত কোনো চিন্তা নাই।


আজকের এই একবিংশ শতাব্দীতে এসে আমি তোমার নব্বই দশকের কোনো এক আটপৌরে প্রেমিক হতে চাই।হিরা-গোল্ড-ডায়মন্ড রিং এর বদলে সবুজের মাঠ থেকে ঘাস-লতা কুড়িয়ে সেই ঘাস-লতার পায়েল পরিয়ে দিয়ে প্রেম নিবেদন করতে চাই।


আমার মানিব্যাগে বেলীফুলের মালা দেখতে চাওয়ার আবদারে তোমার প্রফুল্লচিত্তের হাসি মুখ দেখতে চাই। চোখের ভাষায় জানিয়ে দিতে চাই,মাসের শেষপ্রান্তে এসে আমার পেটমোটা এই মানিব্যাগে কাগজ ভর্তি ছাড়া মালা কেনার মত কানাকড়িও নাই।


তারপর তোমার হাতের মুঠোয় টাকা লুকিয়ে মানিব্যাগে রেখে দিয়ে আমার মেস ভাড়াটার

বন্দবস্ত করে দেওয়া দেখে নিজের উপর নিজে-ই

ভীষণ ভাবে ঈর্ষান্বিত হতে চাই।


তোমার ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে হাসির প্রেমে আমি আবার হাবুডুবু খেতে খেতে অতল গহ্বরে তলিয়ে যেতে চাই।তোমার কপালের কালো টিপ ছুঁয়ে আমি স্বর্গের অনুভূতি উপলব্ধি করতে চাই,অকপটে ভালোবাসি ভালোবাসি বলে তোমাতে আমি মিশে যেতে চাই পূর্ণ প্রাপ্যতায়।