১৬ সেপ্টেম্বর ২০২১

মোঃ ইমরান হোসেন


কবির মৃত্যু, কবিতার মৃত্যু


একজন বললেন, আজকে কবিতার মৃত্যু হবে

আরেকজন বললেন কবিতার নয়, আজ কবির মৃত্যু হবে

উৎসুক জনতা মূক হয়ে দাড়িয়ে আছে

তাদের আশা, হয় কবি নয়তো কবিতার মৃত্যু উপভোগ করা!

সকলে আনন্দ চায়; মৃত্যু চায়; মানে মৃত্যুর ভেতর দিয়ে আনন্দ চায়

এই কবিতা যদি বেঁচে থাকে ; 

উৎসুক জনতার দাঁতের চোয়াল খুলে পড়বে কবিতার শব্দ উচ্চারণ করতে গিয়ে

কান বধির হয়ে যাবে, শুদ্ধ বাংলায় ঢেউ তরঙ্গের মতো গালিগালাজ শুনে

চোখ খসে পড়বে নিজেদের অপকর্মের দৃশ্য কবিতা উৎপাদনের ছাউনিতে দেখে।

অতএব কবিতার মৃত্যু হোক

মুদ্রার একপিঠে অন্ধকার থাকলে অপর পিঠ চোখ দিয়ে দেখা যায়!

তাই কবির বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু কবি বাঁচবে না!

কবিকে মরতেই হবে,কবিকে আত্মহত্যা করানো হবে

কবি বেঁচে থাকলে উৎসুক জনতার কান আবার বধির হবে;

শাস-রোধ হয়ে ব্রেইন স্ট্রোক ঘটবে।

ফলে জনতার কোটি চোখ জন্ম নিতে হবে। 

প্রতি জন্মের সাথে - সাথে চোখ গলে খসে পড়বে।

কেননা কবি আবার কবিতা লিখবেন।

কিন্তু দুঃখের বিষয়, চোখ তো একবার জন্ম নেয়

অতএব কবির মৃত্যু হবে, কবিতার মৃত্যু হবে।


গোলাম কবির


 নিজস্ব নদী 


 সবারই যে একটা নিজস্ব নদী আছে তা

 শুনে পরিচিত বন্ধুদের মাঝে কেউ কেউ

 আমাকে পাগল ভেবে বসে আছে! 

 আবার, কেউ এটাকে মেয়াদ উত্তীর্ণ

 মাদকদ্রব্যের ফল বলে ঠাট্টা করতেও

 পারে কিন্তু আমি এটাই মানি! 

 তাই, যখন মন খারাপ থাকে আমি তখন 

 প্রিয়তম নদীর সাথে মন খুলে কথা বলি!

  দেখি কখনো আমার কষ্টের কথা শুনে

  ওরও চোখ দুটিও জলে ভরে ওঠে,

  ও তখন নিজেরই আবেগ সামলাতে না 

 পেরে বন্যা বইয়ে দেয়, 

 যা শুধু আমিই টের পাই। 

 আমার যখন মন ভালো থাকে -

 তখন নদীটার সামনেই গুনগুন করে 

 গান গাই, ও তখন আমার গান শুনে 

 খিলখিল করে হাসতে থাকে, 

 কখনোবা রসিকতা করে বলে -

 এই বুড়োবয়সেও ঢঙ গেলো না তোমার ! 

 আবার ধরো, হঠাৎ করেই আমার 

 ইচ্ছে হলো নদীর গান শুনবো, 

 তখন অমাবস্যা কিংবা পূর্ণিমার রাত 

এসবকিছু বিবেচনায় আসে না আমার!

 নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে অথবা

 ওর তীরে বসে থেকে চুপচাপ থাকি, 

মনেহয় - ও যেনো আমার সামনে গান

করছে মিহিসুরে! কখনো তা ভাটিয়ালি,

 কখনো বাউলদের মতো সুরে 

আবার কখনো মনেহয় ঠিক সুবীর নন্দীর মতো

গলায় আমাকে শুনিয়ে যাচ্ছে, 

" একটা ছিলো সোনার কন্যা, মেঘবরণ কেশ ! " 

এতোসব কিছুর পর কি করে তোমরা বলো,

 আমি ঠিক বলছি না! 

আসলে প্রত্যেকটা মানুষের হৃদয়েই 

তো থাকে একটা প্রবহমান নদী! 

তা তোমরা মানো কিংবা না ই মানো!


 hhh

পূর্ণিমা ভট্টাচার্য ( টুকুন )


আয় বৃষ্টি


বৃষ্টি তোর সকালবেলা আসার কিসের তাড়া,

তখন আমার অনেক কাজ হয়না কিছুই সারা।

আসবি তুই দুপুর বেলা আমার অবসরে,

ভিজবো তখন জড়িয়ে তোকে

সবার অগোচরে। 

তা না হলে সন্ধ্যের পর আকাশ যখন কালো,

ঝমঝমিয়ে ঝরিস তখন থাকিস এলোমেলো।

বারান্দার একটি কোনে চুপটি করে বসে,

দেখবো তোকে বিভোর হয়ে চায়ে চুমুক দিয়ে।

ঝড়বি যে তুই অঝোর ধারায় জারুল শাখা বেয়ে,

আনমনে তে তোর  গান যে উঠবো মাঝে গেয়ে।

    


১৫ সেপ্টেম্বর ২০২১

হা‌বিবুর রহমান এ‌র লেখা "সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা" ( ৪র্থ পর্ব )

ঘরের ভিতর থেকে কবি ধরেছেন দৃশ্যকথা গদ্যের ভাষায় ধারাবাহিক ভাবেই প্রকাশিত হয়ে চলেছে তাঁর অসাধারন সৃষ্টি। লিখতে সহোযোগিতা করুন লাইক ও কমেন্ট করে । পত্রিকার পক্ষ থেকে সকল পাঠক পাঠিকা লেখক লেখিকা সকলের জন্য রইলো অনন্ত শুভেচ্ছা



সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা

                                                                                                       ( র্থ পর্ব ) 


‌যে‌কোন ধর‌নের লেখনী হ‌তে পা‌রে তা প্রবন্ধ, ক‌বিতা কিংবা গল্প এসব‌ কিছুর জন্যে যেটা প্রয়োজন তাহলো স্বচ্ছ ও সুন্দর মন দিয়ে চিন্তাভাবনার মাধ‌্যমে হৃদ‌য়ের অনুভূ‌তি‌কে উজাড় ক‌রে কলম চালা‌নো। লেখক বা লেখিকা‌গণ য‌দি সহৃদয়‌ কা‌ছের কেউ বা শুভাকাঙ্খী‌দের প‌ক্ষের কা‌রো কাছ থে‌কে নিয়‌মিত উৎসাহ ও অনু‌প্রেরণা পে‌য়ে থা‌কে ত‌বে ঐসব লেখকগণ কিংবা লে‌খিকাগণের প‌ক্ষে ভাল মা‌নের লে‌খা উপহার দেয়া সহ‌জেই সম্ভব। সহধ‌র্মিণী হয়ত সেই ভূ‌মিকাটাই ‌নিত‌্য পালন ক‌রে চ‌লেছেন।


লিখ‌তে যে‌য়ে যি‌নি আমা‌কে নিঃস্বার্থভা‌বে সব সময় সকল প্রকার সহ‌যো‌গিতা ও অনুপ্রা‌ণিত ক‌রে যা‌চ্ছেন সেই সহৃদয় ব‌্যক্তি‌টির কা‌ছে আ‌মি যারপরনাই কৃতজ্ঞ। এমন সহৃদয় ব‌্যক্তিত্ব পা‌শে থাক‌লে যে‌কেউ তার বহুমা‌ত্রিক সীমাবদ্ধতা থাক‌া স‌ত্বেও নিয়‌মিত লেখা লি‌খে যে‌তে পা‌রে ব‌লে আ‌মি বিশ্বাস ক‌রি। অা‌মি এ মহৎ হৃদ‌য়ের অ‌ধিকারী মানুষ‌টির নাম‌টি ঠিক এমুহূ‌র্তে এখা‌নে উচ্চারণ কর‌তে পার‌ছিনা যে‌হেতু তাঁর পক্ষ থে‌কে নি‌ষেধ আ‌ছে। 


 ইদা‌নিং লিখ‌তে যে‌য়ে কখনও কখনও সহধ‌র্মিণীর চোখ রাঙানি খে‌তে হয়। কারণ‌টি অবশ‌্য য‌থেষ্ট যু‌ক্তিযুক্ত। সারা‌দি‌নের অ‌ফিস শে‌ষে বাসায় এ‌সে কিছু সময় তো প‌রিবার প‌রিজন‌কে দেয়া এটা একজন গৃহকর্তা হি‌সে‌বে আমার নৈ‌তিক দা‌য়ি‌ত্বের ম‌ধ্যেই প‌ড়ে। সামা‌জিক মাধ‌্যমের সবগু‌লি‌তেই নিয়‌মিত বিচরণ আ‌ছে আমার। তাই অ‌ফিস শেষ ক‌রে বাসায় এ‌সে এগুলো শুধুমাত্র ভালমত না প‌ড়ে একট‌ু স্ক্যান কর‌তেও এক ঘন্টাকাল ‌কে‌টে যায়। 


তারপর ফেইসবুক বন্ধু‌দের লেখা প‌ড়ে মন্তব‌্য ও মতামত জানা‌তে য‌দি একঘন্টা সময়ও ব‌্যয় কর‌তে হয় তাহ‌লে হা‌তে আর তেমন সময় থা‌কে না। আর বাকী থাক‌লো নি‌জের লেখা চর্চাটা। হি‌সেব ক‌রলে দেখা যায়‌ স‌ত্যিকারা‌র্থেই সময় বের ক‌রে তা ব‌্যয় করার ‌তেমন সময় পাওয়া বড়ই দুষ্কর।


এমনই এক প‌রি‌স্থি‌তির ম‌ধ্য দি‌য়ে সহধ‌র্মিণীর একান্ত সমর্থন ছাড়াও সহৃদয় আপন বন্ধু ও ঘনিষ্ঠ‌দের‌কে অনুপ্রেরণায় মন্থর গ‌তি‌তে হ‌লেও আমার লেখনীর কাজটা  হা‌ঁ‌টি হা‌ঁ‌টি পা পা ক‌রে সম্মুখ পা‌নে এ‌গি‌য়ে চ‌লেছে। সৃ‌ষ্টিকর্তা‌কে সদা হা‌জির- না‌জির জে‌নে তাঁর উপর সদা তাওক্কাল বা ভরসা ক‌রেই চ‌লে আমার নিত‌্য কার্যক্রম।





ধারাবাহিক ৪র্থ  কিস্তি

মেঘশ্রী বন্দ্যোপাধ্যায়


অভিযোজন


প্রতি মুহূর্তের সাথে 
আমি পাল্টে যাই একটু একটু করে
বদলের ইতিহাস কালি কলমের প্রশ্রয় পায় না।
চুপি চুপি বয়ে চলে ফল্গু নদীর মত।

বাড়তি উপল পিছে ফেলে গেলে
হয়তো ভালো হত
তবু তাদের নিঃসঙ্গ করে
এগিয়ে যেতে মন চায় না। 

বেখেয়ালে ভরা সাজি 
কখনও উপছে পড়ে আপন মনে
রয়ে যায় পথের পাশে কোথাও।
সঙ্গমে পা রেখে হঠাৎ একদিন মনে পড়ে
সব তো আনা হল না…

অথবা সবই আনা হয়েছে
হয়তো স্রোতের টানে নয়…
অমোঘ অভিযোজনে।


 

রেহানা বীথি


উত্থান


নেমে যাও 

নিকট এবং নৈঃশব্দের দীর্ঘ আবেশে... 


একটি বিছানা, যেখান থেকে সমুদ্রের শুরু

সেখানে শুয়ে থাকো তুমি তোমার সঙ্গে 

বাধাহীন জল গড়িয়ে যাক আকাশে 


তোমার উত্থান ঘটছে জেনে রেখো 

এক অনন্ত তোমাকে ডাকে অবিরাম

তুমি পুলকিত হও নিজেকে মানুষ ভেবে 


নিজেকে মানুষ ভাবতে পারে না সবাই 

জীবন ও মৃত্যুকে আলিঙ্গন করতে পারে না সবাই


উম্মে হাবীবা আফরোজা


অন্তিমযাত্রা


মহাকালের যাত্রা ফেরিয়ে

ঘড়ির কাঁটাটা যেনো আজ বয়ে চলেছে

অন্তিমযাত্রার অভিমুখে।


মোহজালে বন্দী এই জীবন,

যেনো শত আলোকরশ্মির পিদিম জ্বেলে

মায়া অশ্রু-নয়নে আপাদমস্তক সমর্পিত হয়েছে

কোলাহল বিমুখতাময় জীবনের তরে।


হারিয়ে গেছে বর্ণিল সেই শৈশব,

ঘাস ফড়িং এর সেই প্রজাপতি মন,

স্বপ্নিল আবেশে ঘেরা কৃষ্ণচূড়ার পাপড়ি ছড়ানো প্রেমবিলাসী মন।


ক্রমশ হারিয়ে যাচ্ছি আমরা মানচিত্রের কাঁটাতারে বিচ্ছেদময় যাতনার রোষানলে।

হারিয়ে গেছে লাল টিপ, রেশমি চুঁড়ির ঝংকার,

আলোকচ্ছটাময় প্রাণচঞ্চল কিশোরীর মন।


হারিয়ে গেছে চিরতরে আমার প্রথম প্রেম, বাস্তবতার ব্যস্ততায়, নিদারুণ শূন্যতায়,

এমনি করে কালের স্বাক্ষী হয়ে হারিয়ে যাবেো আমি,তুমি, সেই বা তাহারাও।


সময়ের কাছে হারিয়ে যাবো আমরা সবাই,

এক কঠিন বাস্তবতায় অন্তিমযাত্রার সাথী হতে

তোমার অভিশপ্ত নাগরিক শহর থেকে

দূরে আরে দূরে।


রেবেকা সুলতানা (রেবা )


কান্দে ক্যারে মানুষ 


আচ্চা কইতে পারো মইরা গেলে

মানুষ  কান্দে ক্যারে?

আমি মরলে কি তোমার বুকের ভিতর 

সুমুদ্রের ঢেউয়ের মতো ভেঙ্গেচুরে  কান্না আসবে?

তোমার কি মন খারাপ হবে?

পাগলের মতো কি ছুটে আসবে?

এক নজর দেখার আসায়।

আমার জন্য কি তোমার মাঝে

শুন্যতা অনুভব হবে?

মইরা গেলে কি মানুষের কাছে

আপন হওয়া যায়? ভালো হওয়া যায়?

ভালোবাসা পাওয়া যায়?

 তাহলে মিছা মায়ায় ক্যান্দে ক্যারে ?

মরার আগে মানুষ টা কি এমন চায়?

অবহেলার বিষে বিষে বুকের ভিতরকার

জমিন খানি ফাঁইটা চৌচির হয়, 

কষ্ট পুইষা রাখতে রাখতে ভিতর ঘর

পুইড়া ছাঁই হইয়া যায়,

চাতক পাখির মতো চেয়ে থাকলেও

ক্যান প্রিয় মানুষের দেখা মেলেনা?

তবে ক্যান কান্দে মইরা গেলে?

সারা জীবনের জন্য মুক্তি দিয়ে গেলো

বলেই কি মাতম কইরা কান্দে?

নাকি মইরা গেল মানুষ ভালোবাসা বাড়ে?

বেঁচে থাকতে ক্যান ভালোবাসে না?

ক্যান অবহেলার চাদরে ঢাইকা রাখে ?


তাহমিনা শিল্পী


আবহাওয়া সংবাদ অথবা ছন্দপতন 


তুমি বলতে-

আমি হাসলে আকশে তারা জ্বলে মিটমিট।

অভিমান করলে জমে মেঘ। আমি বলতাম-

তুমি রেগে গেলে বিজলী চমকায়।

কাছে এলেই এলোমেলো  ঘূর্ণিপাক খায় লজ্জার ঢেউ!

আর ভালোবসলে?  ভালোবাসলেই প্রবল বর্ষণ।


তোমার মনের মত হাবার কী ভীষণ তৃষ্ণা ছিল আমার।

চুলের সিঁথিটা একপাশে করবো নাকি মাঝখানে, 

এই নিয়েই সারাবেলা চলত এক্সপেরিমেন্ট।

কি রঙের পোশাক পরলে তোমার চোখে আমায় দেখতে ভালোলাগবে!

হাতে-পায়ের নখের নেইলপলিশ, চোখের কাজল, টিপ, ম্যাচিং চুড়ি-দুল

সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতাম বারবার।

ভুল করে কখনও লিপিষ্টিক পরলেই বাচ্চাদের মত তোমার সে কি রাগ!

ইনিয়ে বিনিয়ে কত কি বলে ভাঙাতে হত-

মনে পড়লে আজও ভীষণ হাসি পায়।


রাগ পড়ে গেলে,তোমার ছাইচাপা আহ্লাদেরা আকণ্ঠ পাঠ করতো প্রণয়ের মহাকাব্য।


তারপর তোমার ব্যস্ততা বাড়ে, তোমার চোখ বদলায় নিজস্ব রঙ ও ভাষা!


এখনও রোজ ভোর হয়।

এখনও রোজ সন্ধ্যা নামে।

ঘুরেফিরে আমরা পাশাপাশি কাটাই সকাল,দুপুর,রাত।

শুধু কোথাও আর আমাদের খুঁজে পাই না।

অথচ, আমরা দিব্যি বেঁচে আছি আমাদের সংসারের মানচিত্রে।

এখন আলগোছে দুঃখ পেলে মেঘের পাহাড়গুলো ভেঙে পড়ে নিঃশব্দে।

তোমার রাগ হলেও থাকে না বজ্রপাতের উঁকিঝুঁকি।

আমাদের যৌথ আকাশটা ভেসে যায় বিষাদের স্রোতে...

শুধু কেউ তার খবর জানে না,

কেউ তার খবর জানে না,

কেউ না।


শুভ্রা দাস


টান


তোমার সঙ্গে আমার শিকড় মাটির টান

তোমার সঙ্গে আমার বৃক্ষ ফলের টান

তোমার সঙ্গে আমার ভূমি জন্মের টান

তোমার সঙ্গে আমার মেয়ে বেলা খুনসুটির টান

তোমার সঙ্গে আমার চুম্বকের বিপরীত মুখী টান

তোমার সঙ্গে আমার গ্রহ উপগ্রহের টান

তোমার সঙ্গে আমার মান অভিমান আড়ি   ভাবের টান

এ টান যুগ কাল সময়ের ধারায় বয়ে যাবে রয়ে যাবে

তুমি আমি থাকি বা না থাকি এ টান সব সব ব্যথা সব কথা সয়ে যাবে

দেখো  এ টান  কেবল ভালোবাসি ভালোবাসি কয়ে যাবে।


তৌফিকুল ইসলাম তপু


পথিক


হাঁটছি একা এক বিকেলে 

পায়েচলা পথে কোথাও স্থির হয়ে দাঁড়ানোর সুযোগ নেই

ঠিক করলাম আজ হাঁটব একা একা


চক্ষুদ্বয় হঠাৎ স্থির হলো একটা ফুলবিক্রেতার দিকে 

হাসিমুখে সে আমায় ডাক দিলে

লালবর্ণের একটা গোলাপ নিয়ে ফের হাঁটা শুরু করলাম


হাতে গোলাপ নিয়ে হাঁটছিলাম

বলে কতজন কতরকম চোখ দিয়ে আমায় দেখছে

আমি হাসিমুখে হাঁটছি

হাঁটতে হাঁটতে সূর্যাস্তকালে তোমার কাছে এসে পৌঁছলাম

লালবর্ণের গোলাপটি তোমার হাতে তুলে দিলাম


তোমার কাছে ঠিকানা চাইলাম

তুমি ঘরহীন ঠিকানা দিলে

ফের হাঁটা শুরু করলাম পায়েচলা পথধরে।

সুচিতা সরকার

 



জানিনা কেন


কিছু পিছু টান, কিছু ফেলে আসা গান,
নিত্য গভীর করে ক্ষত।
তবুও না জানি কেনো, ওদিকেই মন ছোটে এতো। 

কিছু ভুল, কিছু কাগজের হলুদ ফুল,
ডায়েরি লেখে প্রতিনিয়ত।
তবুও না জানি কেনো, 
জীবন হাতড়ায় পোড়া ছাই এতো। 

চুপ থাকতে থাকতে, 
ঠোঁট জোড়া আজ হয়েছে বোবা, 
হারিয়েছে কথা ছিল যতো।
কানে পড়ে শব্দগুলি হয় দিশাহীন,
মনের দরজায় ধাক্কা লাগে না আর আগের মতো।