২০ ফেব্রুয়ারি ২০২১

সাইফুল আলিম

 



একুশের জয়গান


পরমতলা, মুরাদনগর, কুমিল্লা 


রক্ত মাখা শরীর নিয়ে

কাফেলায় ফিরে যায়

একুশ এলেই স্মৃতিরা দাঁড়িয়ে 

বারে বারে কাঁদায়  । 


জীবনের মায়া করেনি কখনো

স্বপ্ন জাতির জন্য 

প্রেম কাকে বলে দেখিয়ে দিলো

স্বদেশ করতে ধন্য। 


মা,মাটি আর  মাতৃভূমি 

জগতে শ্রেষ্ঠ মধুর ভাষা 

মন আনন্দে কথা বলে

কামার কুমার চাষা।


বাকরুদ্ধ করতে চেয়েছিলো 

পাকের উর্দু বুলি

হয়নি সফল,বুলেট নিয়েও

রক্তে ভিজালো ধুলি।


বাংলা আমার মায়ের ভাষা

বাংলা এদেশের প্রান 

বারে বারে আমায়,মনে করে দেয়

একুশের জয়গান।

১৮ ফেব্রুয়ারি ২০২১

১৭ ফেব্রুয়ারি ২০২১

অমিত কাশ‍্যপ


 


হারাণজেঠু



শহর কখন গড়িয়ে গড়িয়ে গ্রামের পথে 

এখন গ্রামে আর মাটির পথ নেই 

মোরামের পর মসৃণ পিচরাস্তা

মাটির বাড়ি অবলুপ্তির পথ, অট্টালিকার শোভা নজর কাড়ে

গ্রাম-শহরের মেলবন্ধন, এরই নাম সম্পর্ক


গ্রামের প্রবীণ মানুষ হারাণজেঠু, স্বাধীনতা দেখেছেন 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি তাও ম্লান নয়

নবীন প্রজন্মের সঙ্গে মানিয়ে নিয়ে বলেন 

এরই নাম সম্পর্ক, বিজ্ঞানের জয়যাত্রায় আলোময় আজ গ্রাম

গ্রাম ভরে যাচ্ছে শহুরে গন্ধে আর শোভনতায়

গোলাম কবির




মেয়ে, সাবধান! 


ফুলের বাগানে মৌমাছি উড়বে 
এটাই স্বাভাবিক, কিন্তু এখন দেখছি
 মৌমাছি নয় শুধু সাপ আর বিচ্ছু,
আবার কিছু জোঁকও আছে সেখানে।
এরকম বৈরী সময়ে মেয়ে,সাবধান! 
তুমি যেনো যেও না, 
বরং নিজেকে সামলে রেখো 
এই বিপন্ন সময়ে। 
ওরা তোমাকে ছোবল দেবে,  
রক্ত শুষে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে 
কিংবা শেয়ালের  মুরগির মতো 
ছিঁড়ে খুঁড়ে  নিষ্প্রাণ দেহে 
পাট খেতে ফেলে রাখবে তোমায়। 
ভালবেসে একদিন তোমার খোঁপায় 
ফুল গুঁজে দিতো যে যুবক, 
সে এখন জন্মান্ধ সময়ের ফেরে 
নেশায় মাতাল! ঘর বাঁধার ছলে 
তোমার জন্য হতে পারে
 শরৎ বাবু'র দেবদাসের চুনিলাল।

প্রেমাংশু শ্রাবণ




ফেব্রুয়ারী  এলেই


ফেব্রুয়ারী এলেই
আমার বুকের অবাধ্য অক্ষরগুলো
হুড়মুড় বেরিয়ে পড়ে
কলমের মোক্ষম শৃঙ্খল ছিঁড়ে
ঝরতে থাকে শিমুল পলাশ আরো কতো লালফুল
!

ফেব্রুয়ারী এলেই
আমি জেনে যাই প্রতিবাদী অক্ষরগুলো
অসম্ভব স্বাধীন হবে
অদম্য শ্লোগানে শ্লোগানে মুখর হবে দিকবিদিক,

উচ্চকিত কথারঙে বর্ণাঢ্য মিছিল হয়ে
দাপিয়ে বেড়াবে
ফুল পাখি নদী গাছ----
আকাশের উঠোনে উঠোনে
কলাবউ কিষাণের বিস্মিত চোখের তারায় তারায়
খুঁজে নেবে
বীজরঙা মাটির অঘ্রাণ।

ফেব্রুয়ারী এলেই
আমার অক্ষরেরা মানবে না
বেড়াজাল কোনো
উষ্ণতার কোদালে ছেনে ছিঁড়েখুঁড়ে তুলে নেবে
ইচ্ছেদের পাললিক ভ্রুণ।

নিজেই নিজেদের হুকুমদার এরা
আমাকেও অস্বীকার করবে ফের....

নিত্যন্ত অক্ষরহারা স্তব্ধ-কলম আমার
শুকনো মসৃণ ডগায় ফিরবে
নতজানু হবে
যেনো বা ক্রন্দনরত এক শহীদ মিনার!

এবং
ফেব্রুয়ারী এলেই
আমি জেনে যাই
অক্ষম কলমে আজ
হারানো অক্ষরের শোকে কিছুই
লেখা হবে না আর