ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

০৬ নভেম্বর ২০২০

হাননান আহসান

 স্বপ্ন উড়ান

আকাশটা নীল, ফুরোয় না যে

পাহাড় একা সবুজ মাখে

চোখ জুড়োনো দৃশ্যপটে 

অজান্তে দূর তুষার ঢাকে।


ছুটছে ফেনিল নদীর খাতে

আমোদিত জলের ধারা

শেষ বিকেলের রামধনু রোদ

ইচ্ছেডানায় মেলছে পাড়া।


আলতো বাতাস বুলোয় পরশ

ক্রমান্বয়ে মেঘরা খেলে

পলক পড়ার আগেই খুশি

আনন্দ কেউ দিচ্ছে ঢেলে।


দুধ সাধা রং চতুর্দিকে

ঘুম ছুটে যায় পক্ষী-তানে

বৃক্ষ সুবাস গুলঞ্চ ভোর

কী অপরূপ বাজছে কানে।


কোথায় এমন স্বপ্ন উড়ান

ভিতর বাহির অহমিকা 

একটা টিকিট কাটুন দাদা

পৌঁছে যাবেন ঝিকিরঝিকা।

শান্তিব্রত চট্টোপাধ্যায়

 ঝাঁকড়া ভালু আলুথালু

একটা ভালু আলুথালু

একলা একা কাঁপছে জ্বরে

ধুলোয় শুয়ে দিচ্ছে গড়াগড়ি

হঠাৎ উঠে তড়বড়িয়ে

দাঁত খিঁচিয়ে কড়মড়িয়ে

মৌজ করে চেবায় রাঙা আলু।


বন ছেড়েছে কবেই ভালু 

এখন শুধু হেলেদুলে

ঘুঙুর বাজায় ঢেঁকুর তুলে

এই গলি আর সেই গলিতে

বোল ওঠে যেই ডুগডুগিতে 

থপথপিয়ে কোমর দোলায় কালু।  


নাছোড় মালিক বড্ড চালু 

সকাল বিকাল সন্ধ্যাবেলা

নাচার কালুর চলছে খেলা 

সবাই খুশি, খুশির ঝড়ে

ঝনঝনিয়ে পয়সা ওড়ে 

ঝরনা চোখে দেখতে থাকে ভালু। 


আর পারে না ক্লান্ত কালু

দাওনা ওকে বিদায় ছুটি

করুক না হয় লুটোপুটি

সেই সে গহন নিজের বনে

মুক্ত সুখে আপন মনে

ঝাঁকড়া ঝামর ভালুক আলুথালু।